নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা; জাতীয়করণ ছাড়া এমপিওভুক্ত শিক্ষকদের জীবনমান পরিবর্তন অসম্ভব জানিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী মুজিববর্ষে সব এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান একযোগে সরকারিকরণের দাবি জানিয়েছেন বাংলাদেশ শিক্ষক সমিতি ও এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ লিয়াঁজো ফোরামের নেতারা।
গতকাল শুক্রবার ( ২৮ ফেব্রুয়ারি ২০২০) কুমিল্লার বুড়িচং উপজেলায় অনুষ্ঠিত ‘মুজিববর্ষেই জাতীয়করণ ঘোষণা চাই’ শীর্ষক আলোচনা সভায় এ দাবি জানানো হয়।
বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি মো. নজরুল ইসলাম রনি বলেন, এক হাজার টাকা বাড়িভাড়া, ৫০০ টাকা চিকিৎসা ভাতা, ২৫ শতাংশ ঈদ বোনাস পান শিক্ষকরা। যা ১৬ বছরেও পরিবর্তন হয়নি। টাইমস্কেলের পরিবর্তে উচ্চতর গ্রেড দেয়া এখনো শুরু হয়নি। তাই শিক্ষক সমাজে অসন্তোষ দেখা দিয়েছে। শিক্ষকদের ঐচ্ছিক বা বিভাগীয় বদলি আজও চালু হয়নি আর শিক্ষকদের বেতন থেকে কল্যাণ ট্রাস্ট ও অবসর সুবিধা বোর্ডে অতিরিক্ত ৪ শতাংশ কর্তন অব্যাহত আছে। এসব জটিলতা নিরসনে ব্যবস্থা নিতে শিক্ষামন্ত্রী ও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।
সভায় উপস্থিত অন্যান্য শিক্ষকনেতারা বলেন, মুজিববর্ষে সব এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান সরকারিকরণের ঘোষণা দেয়ার দাবি জানাচ্ছি। দাবি আদায়ে আগামী ৯ মার্চ প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে। জাতীয়করণের দাবি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পৌঁছানোর জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে বলেও মন্তব্য করেন শিক্ষক নেতারা।
আমাদের বাণী ডট কম/২৯ ফেব্রুয়ারি ২০২০/এসিসি
