গাজীপুর টঙ্গী পূর্ব থানা এলাকায় এক মাদরাসা ছাত্রী গণধর্ষণের শিকার হয়েছে। দুই যুবক তিন দিন আটকে রেখে তাকে ধর্ষণ করেছে। খবর পেয়ে পুলিশ গত মঙ্গলবার রাত থেকে ভোর পর্যন্ত অভিযান চালিয়ে এক ধর্ষক ও সহযোগিতার অভিযোগে নারীসহ চারজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো ধর্ষক আলম (৩৪), ধর্ষণে সহায়তাকারী মাহিন আহম্মদ (২০), আলমের মামী হোসনা আক্তার (৩২) ও প্রেমিক মাঈন উদ্দিন (২২)।

ছাত্রীটির (১৫) বাড়ি কুমিল্লার লাঙ্গলকোট থানার হরিপুরে। সে স্থানীয় একটি মাদরাসায় সপ্তম শ্রেণীতে পড়ে। বাবা সিএনজি চালক। মোবাইল ফোনের পরিচয় সূত্রে প্রেমিকের সাথে দেখা করতে মঙ্গলবার টঙ্গী এসেছিল মেয়েটি।

পুলিশ জানায়, প্রেমিক মাঈন উদ্দিনকে ওই ছাত্রী আগে দেখেনি। পরিবারের সহায়তার জন্য চাকরির জন্য প্রেমিকের সাহায্য চায় ছাত্রীটি। গত ২৬ অক্টোবর শনিবার প্রেমিকের সাথে দেখা করতে বাড়ি থেকে রওয়ানা দেয়। পথে যানজটের কারণে টঙ্গী পৌঁছাতে রাত ১টা বেজে যায়। মঈনের জন্য অপেক্ষার সময় কয়েক যুবক তাকে টেনে হিঁচড়ে গলিতে নিয়ে যায়। সেখানে তারা তাকে ওমর ফারুকের হাতে তুলে দেয়। পরে ওমর ফারুক ভয়ভীতি দেখিয়ে মেয়েটিকে আলমের মাছিমপুরের বাসায় নিয়ে যায়। সেখানে খালি বাসায় মামীর সহায়তায় আলম রাতভর তাকে জোরপূর্বক ধর্ষণ করে। রোববার সকালে সেখানে উপস্থিত হয় ওমর ফারুক। মেয়েটি ওই সময় অসুস্থ ছিল। উদ্ধারের কথা বলে ওমর ফারুক তার সাথে যেতে বলে। সে খুব ক্ষুধার্ত ও পিপাসার্ত ছিল। পানি খাওয়ার পর তার আর কিছু মনে নেই। পরে চোখ মেলে দেখে পূবাইল এলাকায় ওমর ফারুকের ঘরে। ওমর ফারুক তাকে দুই রাত আটকে রেখে একাধিকবার ধর্ষণ করে। উঠে বসা বা দাঁড়ানোর শক্তি ছিল না তার। রক্তপাত হচ্ছিল। ধর্ষক একপর্যায়ে মঙ্গলবার সকালে মেয়েটিকে রাস্তায় ফেলে পালিয়ে যায়। স্থানীয়রা মেয়েটিকে উদ্ধার করে। প্রেমিকের মোবাইলে কল দিয়ে ডেকে আনে। পরে মঙ্গলবার রাত ৮টার দিকে চিকিৎসার জন্য মেয়েটিকে টঙ্গী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থা খারাপ থাকায় চিকিৎসকরা মেয়েটিকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। খবর পেয়ে পুলিশ প্রেমিককে আটক করে।

টঙ্গী থানার ওসি কামাল হোসেন জানান, বুধবার সকালে মেয়ের মা পাঁচজনকে আসামি করে মামলা করেছেন। আটককৃতদের ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। জড়িত অন্যদের পরিচয় জানতে ১০ দিনের রিমান্ড চাওয়া হয়েছে। ছাত্রীকে চিকিৎসার জন্য পুলিশ প্রহরায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।