নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল; জেলার মির্জাপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় চারজন শ্রমিক নিহত হবার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। আজ শনিবার (২২ ফেব্রুয়ারি ২০২০) সকালে উপজেলার গোড়াই এলাকার জুই-যুথী পেট্রোল পাম্পে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, গাইবান্ধার সাদুল্যাপুর থানার গোবিন্দরায় গ্রামের সুলতান মিয়ার স্ত্রী জাহানুর (১৮), একই গ্রামের অমল্য চন্দ্র দাসের ছেলে তপন চন্দ্র দাস (২৫), টাঙ্গাইলের গোপালপুর উপজেলার আল আমিন মিয়ার স্ত্রী মর্জিনা বেগম (২৭) ও রংপুরের রাশেদা বেগম।
জানা যায়, নিহতরা সবাই স্থানীয় নাসির গ্লাস ইন্ডাস্ট্রিতে কর্মরত ছিলেন বলে জানা গেছে।
জেলার গোড়াই হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, সকালে উপজেলার গোড়াই থেকে যাত্রী নিয়ে আসা একটি ম্যাক্সি জুই-যুথী পাম্পে জ্বালানি নিতে ঢোকে। এ সময় পেছন থেকে অজ্ঞাত একটি কাভার্ডভ্যান ম্যাক্সিটিকে ধাক্কা দিলে গাড়িটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টার দিকে আরও দু’জনের মৃত্যু হয়।
এ ঘটনায় আহত আরও তিনজন মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আমাদের বাণী ডট কম/২২ ফেব্রুয়ারি ২০২০/টাসনি
