ডেস্ক রিপোর্ট, ঢাকা;  টাঙ্গাইল সদর উপজেলা ও কালিহাতীতে দুই গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। তাদের লাশ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। তারা কি আত্মহত্যা করেছেন নাকি তাদের হত্যা করা হয়েছে এ নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।

সদর উপজেলার বাউসাইদ গ্রামের দয়াল মিয়ার স্ত্রী নাজমা (৩৫) রহস্যজনকভাবে মারা যান। বৃহস্পতিবার তার লাশ উদ্ধার করে পুলিশ। স্বামীর দাবি নাজমা আত্মহত্যা করেছে। কিন্তু ছেলের অভিযোগ পারিবারিক কলহের জের ধরে দয়াল তার মাকে হত্যা করে লাশ ফাঁসিতে ঝুলিয়ে রাখে।

কাগমারি পুলিশ ফাঁড়ির এসআই মোখলেছুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। রিপোর্ট পেলে প্রকৃত ঘটনা জানা যাবে।

অন্যদিকে কালিহাতী উপজেলার বল্লা চকপাড়া গ্রামের দুলাল মিয়ার পুত্রবধূ ও সিয়ামের স্ত্রী ফাহিমার (১৯) রহস্যজনক মৃত্যু হয়েছে। ফাহিমাকেও হত্যার পর ফাঁসিতে ঝুলিয়ে আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার অপচেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে। চার মাস আগে সিয়াম প্রেম করে বিয়ে করেন কালিহাতীর দক্ষিণ বেতডোবা গ্রামের ফরমান মিয়ার মেয়ে ফাহিমাকে। শ্বাশুরি ছাড়া বাড়ির সবাই এখন পলাতক।

কালিহাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন জানান, বুধবার রাতে ঘরের মেঝে থেকে ফাহিমা লাশ উদ্ধার করা হয়। বৃহষ্পতিবার ময়নাতদন্তের জন্য লাশটি মর্গে পাঠানো হয়। রিপোর্ট পেলে প্রকৃত রহস্য জানা যাবে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।

আমাদের বাণী ডট কম/০৭ মে ২০২০/এবিএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।