নিজস্ব সংবাদদাতা, ঢাকা; রাজধানীতি টানা পাঁচ দিন ধরে চাকরি স্থায়করণের দাবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছে সেকেন্ডারি এডুকেশন কোয়ালিটি অ্যান্ড অ্যাকসেস এনহ্যান্সমেন্ট প্রজেক্ট (সেকায়েপ) প্রকল্পের প্রায় কয়েক হাজার শিক্ষক।
আজ শুক্রবার (০৬ মার্চ ২০২০) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে অতিরিক্ত শ্রেণি শিক্ষক (এসিটি) ঐক্য পরিষদ এর ব্যানারে এই কর্মসূচি পালন করেছে। এর আগে গত সোমবার মানববন্ধন কর্মসূচির মধ্য দিয়ে দাবি নিয়ে মাঠে নামে তারা।
আন্দোলনরত শিক্ষকরা বলছেন, প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার পর গত ২৬ মাস হলো বিনা বেতনে পড়াচ্ছেন তারা। প্রধানমন্ত্রীর কার্যালয়ে সুপারিশ ও শিক্ষা মন্ত্রণালয়ের আশ্বাসের পরও বেতন বঞ্চিত রয়েছেন শিক্ষকরা। আবার চাকরি স্থায়ীর বিষয়েও কোনো পদক্ষেপ নেয়া হয়নি।
সংগঠনের সভাপতি রুহুল আমিন বলেন, অভিজ্ঞতা ও মাধ্যমিক পর্যায়ে বিশেষ অবদান এবং মানবিক দিক বিবেচনা করে চাকরি স্থায়ী করা, বিনাশর্তে দ্রুত এসইডিপি প্রোগ্রামে আমাদের নেওয়া হোক। আমাদের দাবি না মানলে এ অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে। ২০১৫ সাল থেকে আকর্ষণীয় বেতনে তিন বছর মেয়াদে নিজ জেলার সর্বোচ্চ মেধাবীদের সেকায়েপ প্রকল্পের অধীনে পাঁচ হাজার ২০০জন অতিরিক্ত বিষয়ভিত্তিক শ্রেণি শিক্ষক নিয়োগ দেওয়া হয়। নিয়োগ বিজ্ঞপ্তিতে মডেল শিক্ষক হিসেবে ক্যারিয়ার গড়ার পাশাপাশি প্রকল্প শেষে চাকরি স্থায়ী করার কথা উল্লেখ করা হয়। কিন্তু স্থায়ী নিয়োগ দেওয়া হচ্ছে না।
এ বিষয়ে শিক্ষকরা বলেন, এসিটি ম্যানুয়েল ৩৬ ধারায় ও এসিটি সফল কমপোনেন্ট হিসেবে বিনাশর্তে পরবর্তী প্রোগ্রামে স্থানান্তরের কথাও বলা হয়। কিন্তু পরে তার কোনোটাই রক্ষা করা হয়নি।
এ সময় বাংলাদেশ অতিরিক্ত শ্রেণি শিক্ষক ঐক্য পরিষদ আয়োজিত অবস্থান কর্মসূচিতে সংগঠনের সাধারণ সম্পাদক মোজাহারুল ইসলাম ও অন্য অতিরিক্ত শ্রেণি শিক্ষকরা উপস্থিত ছিলেন।
আমাদের বাণী ডট কম/১২ মার্চ ২০২০/সিপিএ
