নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ; জেলার বাজিতপুরে ট্রাকের চাপায় মোটরসাইকেলের আরোহী স্কুলে পড়ুয়া তিন বন্ধু নিহত হয়েছে।
নিহতরা হলো, বাজিতপুরের পিরিজপুর এলাকার হাবিব মিয়ার ছেলে মো. রাকিব হোসেন (১৭), একই এলাকার নিধু মিয়ার ছেলে নুর আমিন (১৭) ও কিশোরগঞ্জ সদর উপজেলার মতলবপুর এলাকার আবু কালামের ছেলে নয়ন (১৯)। তারা তিনজন একে অপরের বন্ধু। রাকিব এবার পিরিজপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে। নূরে আলম একই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।
আজ বৃহস্পতিবার (১২ মার্চ ২০২০) বিকেলে জেলায় কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের পিরিজপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুল্লিশ জানান, আজ দুপুরে ওই তিন বন্ধু মোটরসাইকেলে করে বাজিতপুর থেকে কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হয়। পথে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের পিরিজপুর মোড় এলাকায় পৌঁছাতেই বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে রাকিব, নুর আমিন ও নয়ন ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে বাজিতপুর হাইওয়ে থানা পুলিশ মরদেহ তিনটি উদ্ধার করে। মোটরসাইকেলকে চাপা দেওয়া ট্রাকটি জব্দ এবং তার চালককে আটক করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে বাজিতপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর জানান, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আমাদের বাণী ডট কম/১২ মার্চ ২০২০/পিপিবি
