নিজস্ব সংবাদদাতা, ঢাকা; বরিশালের বাকেরগঞ্জ উপজেলার শ্যামপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজামুল কাদিরের বিরুদ্ধে আনিত দুর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগের প্রমাণ পাওয়ায় এমপিও স্থগিত করার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে চিঠি পাঠিয়ে প্রধান শিক্ষকের এমপিও স্থগিতের নির্দেশ দেয়া হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছিল উপজেলার শ্যামপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজামুল কাদিরের বিরুদ্ধে। যা তদন্তের দায়িত্ব পায় বরিশাল শিক্ষা বোর্ড। তদন্তে প্রধান শিক্ষকের স্বেচ্ছাচারিতার প্রমাণ পায় বরিশাল শিক্ষা বোর্ড। বরিশাল শিক্ষা বোর্ড থেকে এ তদন্ত প্রতিবেদন শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল।
প্রতিবেদন পেয়ে গত ২৯ সেপ্টেম্বর দুর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচাড়িতার অভিযোগের প্রমাণিত হওয়ায় প্রধান শিক্ষক নিজামুল কাদিরের এমপিও কেন বন্ধ করা হবে না তা জানতে চেয়ে শোকজ করতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরকে নির্দেশ দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ জানা গেছে, বরিশালের বাকেরগঞ্জ উপজেলার শ্যামপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজামুল কাদিরের বিরুদ্ধে আসা অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তদন্ত করে গত ৫ মে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে প্রতিবেদন পাঠায় বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। প্রতিবেদনে উল্লেখ করা হয়, প্রধান শিক্ষক নিজামুল কাদিরের বিরুদ্ধে আসা অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচাড়িতার অভিযোগ প্রমাণিত হয়েছে।
সূত্র জানায়, প্রধান শিক্ষক নিজামুল কাদিরের বিরুদ্ধে স্কুলের টাকা বিধি বিধান অনুসরণ না করেই ব্যয়, চতুর্থ শ্রেণির কর্মচারী মো. শাহ আলম শরিফের পরিবর্তে শাজাহান শরিফকে চাকরিতে রাখা ও স্কুলের আয়ব্যয়ের হিসেব সঠিকভাবে না করার অভিযোগের প্রমাণ পাওয়া গেছে। অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রধান শিক্ষক নিজামুল কাদিরের এমপিও স্থগিতের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। গত ২ মার্চ এ সংক্রান্ত চিঠি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে পাঠানো হয়েছে।
আমাদের বাণী ডট কম/০৬ মার্চ ২০২০/সিপিএ
