নিজস্ব সংবাদদাতা, ঢাকা; দেশে করোনাভাইরাসের সংক্রমণে মানিকইগঞ্জে তাবলিগ জামাতের এক মুসল্লি আক্রান্ত হওয়ার পর এবার সংগঠনটি তাদের সমস্ত দাওয়াতি কার্যক্রম বন্ধ করেছে।

আজ রবিবার (০৫ এপ্রিল ২০২০)  বিষয়টি নিশ্চিত করেছেন তাবলিগ জামাতের একাংশের প্রধান মাওলানা জুবায়েরের আহমেদের ছেলে হাফেজ মাওলানা মোহাম্মদ হানজালা।

হানজালা জানান, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে তাবলিগ জামাতের জনসম্পৃক্ততা হয়-এমন সব ধরনের কার্যক্রম স্থগিত করা হয়েছে। বিশেষ করে মসজিদভিত্তিক দাওয়াতি কাজ। তবে এটা আজ থেকে নয়, দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরুর প্রথম থেকেই সব এলাকায় নির্দেশনা দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তাবলিগ জামাতের কার্যক্রম স্থগিত থাকবে বলেও তিনি জানান।

এদিকে তাবলিগ জামাতের মাওলানা সাদপন্থীদের মুরুব্বি মাওলানা আব্দুল্লাহ মুনসুর শেখ বলেন, ‘করোনাভাইরাসের এই সঙ্কট মুহূর্তে সরকারের সকল নির্দেশনা মানার জন্য সবাইকে বলা হয়েছে।’

গতকাল শনিবার মানিকগঞ্জের সিঙ্গাইরে তাবলিগ জামাতে গিয়ে এক মুসল্লি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। তিনি ফরিদপুরের নগরকান্দা থেকে সিঙ্গাইরে তাবলিগ জামাতের দাওয়াতি কার্যক্রমে গিয়েছিলেন। এ ঘটনা জানাজানি হলে গতকাল রাত ১২টায় সিঙ্গাইর পৌর এলাকা লকডাউন করে স্থানীয় প্রশাসন।

উল্লেখ্য, বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৮ জন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। এ নিয়ে ভাইরাসটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৮ জনে। নতুন করে আরও এক জন মারা গেছেন এ নিয়েনের মৃতের সংখ্যা দাঁড়াল ৯ জনে। আজ রবিবার(০৫ এপ্রিল ২০২০) দুপুর ১২ টায়  স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত অনলাইন ব্রিফিংয়ে যুক্ত হয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান।

আমাদের বাণী ডট কম/০৫ এপ্রিল ২০২০/সিভি

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।