সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সরকারি তিতুমীর কলেজ শাখার লিফলেট বিতরণে ছাত্র লীগের বাধা ও হুমকি দেওয়ার অভিযোগ এনে নিন্দা জানিয়েছে সংগঠনটির ঢাকা নগর কমিটি।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় এক যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে এই নিন্দা জানায় নগর কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক।
প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সরকারি তিতুমীর কলেজ শাখার উদ্যোগে আগামী ১৪ ফেব্রুয়ারি ২০২০ স্বৈরাচার বিরোধী ছাত্র প্রতিরোধ দিবস উপলক্ষে ১৩ ফেব্রুয়ারি কলেজ ক্যাম্পাসে ছাত্র সমাবেশ করার ঘোষণা দিয়ে লিফলেট বিতরণ করছিল। লিফলেট বিতরণকালে ছাত্র ফ্রন্ট তিতুমীর কলেজ শাখার সভাপতি রিয়াজ মাহমুদ ও সাধারণ সম্পাদক আনারুল ইসলাম এর উপস্থিতিতে দফায় দফায় বাঁধা ও হুমকি-ধামকি দিয়ে লিফলেট কেড়ে নেয় ছাত্রলীগের নেতাকর্মীরা।
ছাত্র ফ্রন্ট ঢাকা মহানগর শাখার সভাপতি মুক্তা বাড়ৈ ও সাধারণ সম্পাদক অনিক কুমার দাস যৌথ বিবৃতিতে বলেন, এই ঘটনার মধ্য দিয়ে কলেজগুলোর চিত্র ফুটে ওঠে, যেখানে মত প্রকাশের স্বাধীনতা নেই, শিক্ষার গণতান্ত্রিক পরিবেশ বিঘ্নিত। ক্যাম্পাসগুলো সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে।
এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে এই সন্ত্রাসীদের গ্রেপ্তার করে ক্যাম্পাসের গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।
