নিজস্ব সংবাদদাতা, ঢাকা;  ঈদের জামা ও খাদ্য সামগ্রী দেয়ার কথা বলে রাজধানীর তুরাগে এক কিশোরী ধর্ষণের ঘটনায় বিচার দাবিতে মানববন্ধন করেছে তুরাগের সর্বস্তরের মানুষ।

আজ বৃহস্পতিবার (২১ মে ২০২০) বেলা সাড়ে ১১টায় কামারপাড়া হাইস্কুল অ্যান্ড কলেজের সামনে করোনাভাইরাস সংক্রমণের ভয় উপেক্ষা করে ধর্ষকের বিচার দাবিতে তারা এ মানববন্ধন করেন।

মানববন্ধনে থানা ছাত্রলীগ, নয়নীচালা যুবসংঘ, ৫৪ নম্বর ওয়ার্ড কোভিড-১৯ মোকাবিলাকারী স্বেচ্ছাসেবক টিমসহ ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন তুরাগের শতাধিক মানুষ অংশ নেন। পাশাপাশি তুরাগের নয়ানীচালা এলাকার ৪ নম্বর রোডের ডি ব্লকে অবস্থিত ধর্ষক তওহীদের বাড়ির সামনে পালিত হয় প্রতিবাদ কর্মসূচি।

জানা গেছে, গত ১৬ মে পিতৃহীন এক কিশোরীকে ঈদের জামা-কাপড় ও খাদ্যসামগ্রী দেয়ার কথা বলে নয়ানীচালার নিজ বাসায় ডেকে নিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে ধর্ষণ করে তওহীদ নামের এক যুবক। একপর্যায়ে বিবস্ত্র অবস্থায় ওই বাড়ি থেকে চিৎকার করতে করতে নিচে নেমে আসলে কিশোরীটিকে এলাকাবাসী উদ্ধার করে আশ্রয় দেয়। পরে খবর পেয়ে তুরাগ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে কিশোরীকে হেফাজতে নেয়। এ ঘটনায় তার ভাই বাদি হয়ে তুরাগ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

এ ঘটনায় অভিযুক্ত আসামী তওহীদ পলাতক রয়েছে বলে জানা গেছে। তবে তাকে গ্রেফতারে তৎপরতা চলছে বলে জানিয়েছে তুরাগ থানা পুলিশ।

মামলার তদন্তকারী কর্মকর্তা ওয়াজিউর রহমান জানান, এই ঘটনার শিকার কিশোরীকে ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে সেখানে তার জবানবন্দি গ্রহণ করা হয়। পরে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাকে তার পরিবারের সঙ্গে বাসায় পাঠানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (২১ মে ২০২০) তথ্য অনুযায়ী, ত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্তে আরও ১০ হাজার ১৭৪টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১০ হাজার ২৬২টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো দুই লাখ ১৪ হাজার ১১৪টি। নতুন নমুনা পরীক্ষায় আরও এক হাজার ৭৭৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ২৮ হাজার ৫১১ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ২২ জন। ফলে মৃতের সংখ্যা দাঁড়াল ৪০৮ জনে।

আমাদের বাণী ডট/২১  মে ২০২০/পিবিএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।