নিজস্ব সংবাদদাতা, ঢাকা; ত্রাণ বিতরণে অনিয়ম ও চাল আত্মসাতের অভিযোগে আরও দুই জনপ্রতিনিধিকে বরখাস্ত করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।

  • আজ রবিবার (৩১ মে ২০২০) স্থানীয় সরকার বিভাগ থেকে ব্রাহ্মণবাড়িয়া ও শরীয়তপুর জেলার দুজন জনপ্রতিনিধিকে বরখাস্ত  করে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বরখাস্ত হওয়া জনপ্রতিনিধিরা হচ্ছেন, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রফিকুল ইসলাম নেহার এবং শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার আরশীনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শামসুদ্দোহা (ড. রতন)।

  • করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর এ নিয়ে মোট ৭৪ জন জনপ্রতিনিধিকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। তাদের মধ্যে ২৪ জন ইউপি চেয়ারম্যান, ৪৫ জন ইউপি সদস্য, একজন জেলা পরিষদ সদস্য, তিনজন পৌর কাউন্সিলর এবং একজন উপজেলা ভাইস-চেয়ারম্যান।

প্রজ্ঞাপনে বলা হয়, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার কাউন্সিলর রফিকুল ইসলাম নেহারের বিরুদ্ধে করোনা সংক্রমণের কারণে কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের মানুষের মধ্যে সরকারি ১০ টাকা কেজির চাল বিতরণে অনিয়ম করে নিজের পরিবারের স্বচ্ছল সদস্য ও আত্মীয়স্বজনসহ ১৬ ব্যক্তির নাম ওএমএসের ভোক্তা তালিকায় অন্তর্ভুক্তকরণের অভিযোগ প্রমাণিত হয়েছে। কাজেই স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর ধারা ৩১(১) অনুযায়ী তাকে স্বীয় পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।

  • পৃথক আরেক প্রজ্ঞাপনে বলা হয়, ভেদরগঞ্জ উপজেলার আরশীনগর ইউপি চেয়ারম্যান মো. শামসুদ্দোহা মৎস্যজীবীদের ভিজিএফের ৩৫ বস্তা চাল আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার হয়ে জেলহাজতে রয়েছেন। তার বিরুদ্ধে শরীয়তপুরের জেলা প্রশাসক আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছেন। কাজেই স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ৩৪(১) ধারা অনুযায়ী তাকে স্বীয় পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।

একই ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরশীনগরের ইউপি সচিব মো. জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শরীয়তপুর জেলা প্রশাসককে অনুরোধ করা হয়েছে।

  • এ ছাড়া করোনাভাইরাস প্রাদুর্ভাব শুরু হওয়ার আগে এবছরের ফেব্রুয়ারি ও মার্চ মাসে চাল বিতরণে অনিয়মের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মীর সালমান রহমান ডালিম এবং দিনাজপুরের বিরল উপজেলার ধর্মপুর ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মো. মতিউর রহমান (মতি)-কে সাময়িকভাবে বরখাস্তের প্রজ্ঞাপনও জারি করা হয়েছে।

আমাদের বাণী ডট কম/৩১  মে ২০২০/সিসিপি 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।