
নিজস্ব সংবাদদাতা, ঢাকা; বিশ্বব্যাপী দাবানলের মত ছড়িয়ে পরা প্রাণঘাতী করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘন্টায় ৯৮১ টি নমুনা পরীক্ষা করা হয়েছে যার মধ্যে ৫৪ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে ভাইরাসটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২১৮ জনে। নতুন করে আরও ৩ জন মারা গেছেন এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ২০ জনে। মোট ২১৮ জন আক্রান্তের সুস্থ হয়ে উঠেছেন ৩৩ জন আর মারা গেছেন ২০ জন সব মিলিয়ে এখন চিকিৎসাধীন আছেন ১৬৫ জন।
আজ বুধবার (০ ৮ এপ্রিল ২০২০) দুপুর আড়াই টায় স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) এর পরিচালক ডা. মরজাদী সেব্রিনা ফ্লোরা একথা বলেন। এ সময় সামগ্রিক বিষয় নিয়ে আলোকপাত করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ আবুল কালাম আজাদ এর প্রতিনিধি স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডাঃ সানিয়া তাহমিনা।
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডাঃ সানিয়া তাহমিনা জানান, আজ ৯৮১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত ৫১৬৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।
আইইডিসিআর এর পরিচালক ডা. মরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, মোট আক্রান্ত ২১৮ জনের মধ্যে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ৩৩ জন । নতুন আক্রান্ত ৫৪ জনের ৩৩ পুরুষ ২১ মহিলা। এদের মধ্যে ১১ থেকে ২০ বছরের মধ্যে ৫ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ১৫ জন , ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১০ জন, ৪১ থেকে ৫০ এর মধ্যে ৭ জন, ৫১ থেকে ৬০ এর মধ্যে ৭ জনএবং ৬০ এর ঊর্ধ্ব ১০ জন।
চীনের হুবেই প্রদেশ থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে বিশ্বব্যাপী ৮২ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। এতে আক্রান্ত হয়েছে সাড়ে ১৪ লাখ। বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয়েছে গত ৮ মার্চ। এরপর দিনে দিনে সংক্রমণ বেড়েছে। এদিকে বাংলাদেশে করোনা ভাইরাসের সংক্রমণ মহামারী আকারের দিকে যাওয়ায় আগামী ১৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে বাংলাদেশ সরকার। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানও ১৪ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে। তবে সংক্রমণ দিনে দিনে দিগুনের বেশি আক্রান্ত হওয়ায় ও মৃতের সংখ্যাও বৃদ্ধি পাওয়ায় আগামী ৩০ মে পর্যন্ত টানা দুই মাস বন্ধের পরিকল্পনা করেছে সরকার। এই বন্ধ আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা না হলেও দুই একদিনের মধ্যে এ ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন সরকারের শিক্ষা সংশ্লিষ্ট ঊর্ধ্বদোন কর্তৃপক্ষ।
যুক্তরাষ্ট্র ভিত্তিক আন্তর্জাতিক করোনা জরিপ পর্যালোচনাকারী সংস্থা ওয়ার্ল্ড মিটারের সর্বশেষ তথ্যানুযায়ী, এখন পর্যন্ত বিশ্বে ৮২ হাজার ৮০ জন এ ভাইরাসে প্রাণ হারিয়েছেন। এছাড়া আক্রান্ত হয়েছেন ১৪ লাখ ৩১ হাজার ৭০৬ জন। গত বছরের শেষ দিকে চীনে মহামারি এই ভাইরাসটির প্রাদুর্ভাব শুরু হলেও এতে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে ইতালিতে। দেশটিতে এখন পর্যন্ত ১৭ হাজারে বেশি লোক মারা গেছেন, আর আক্রান্ত হয়েছে ১ লাখ ৩৩ হাজারের বেশি মানুষ। মৃত্যুর মিছিলে ইতালির পরই রয়েছে স্পেনের অবস্থান। দেশটিতে এখন পর্যন্ত ১৩ হাজার ৮৯৭ জন মারা গেছে, আর আক্রান্ত হয়েছে ১ লাখ ৪০ হাজার ৫১১ জন। এদিকে করোনায় আক্রান্তের দিক থেকে বিশ্বে সবার শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে বর্তমানে ৩ লাখ ৭৭ হাজার ৬০৫ জন আক্রান্ত হয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে ১১ হাজার ৭৮৯ জনের।
ইউরোপের আরেক দেশ ফ্রান্সে ভয়াবহ আকার ধারণ করছে করোনা। দেশটিতে এ পর্যন্ত ৯৮ হাজার ১০ জন করোনায় আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৮ হাজার ৯১১ জনের। গত ২৪ ঘন্টায় দেশটিতে ৮৩৩ জনের মৃত্যু হয়েছে, যা একদিনে দেশটিতে সর্বোচ্চ। এছাড়া জার্মানিতেও প্রতিদিন বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১ লাখ ৩ হাজার ৩৭৫ জন, আর মৃত্যু হয়েছে ১ হাজার ৮১০ জনের।
