সোহাগ মিয়া (গোয়ালন্দ) রাজবাড়ী সংবাদদাতাঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম মণ্ডল (নুরু মণ্ডল) মারা গেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইলাহি রাজিউন)।
সোমবার (১৪ সেপ্টেম্বর) ভোর রাতে সাভার এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে ওই হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। নুরুল ইসলাম মণ্ডলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার পরিবারের একাধিক সদস্য।
আগামী ১০ অক্টোবর অনুষ্ঠিত গোয়ালন্দ উপজেলা পরিষদের উপ-নির্বাচনের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ছিলেন তিনি। পারিবারিক সূত্রে জানা যায়, নুরুল ইসলাম মণ্ডল মস্তিষ্কে রক্তক্ষরণজনিত শারীরিক সমস্যা নিয়ে আশঙ্কাজনক অবস্থায় বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে সাভারের এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি হন এবং সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১২টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে ঢাকার বাসায় ওঠেন। সেখান থেকে শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় নিজের বাড়িতে ফেরেন।
রোববার (১৩ সেপ্টেম্বর) স্থানীয় কয়েকটি অনুষ্ঠান শেষে দৌলতদিয়া বাজারে নিজ বাসায় আসেন। পরে সন্ধ্যায় তার শারীরিক অবস্থার ফের অবনতি হয়। এ সময় তাকে আশঙ্কাজনক অবস্থায় দ্রুত সাভারের এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নুরুল ইসলাম মণ্ডলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী।
আমাদের বাণী ডট কম/১৪ সেপ্টেম্বর ২০২০/পিপিএম
