প্রশাসনের নিষেধাজ্ঞা ভেঙেই বিক্ষোভ মিছিল করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) উপাচার্যের অপসারণ দাবিতে আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীরা।

বুধবার রাত ৯টায় ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে আন্দোলনকারীরা এ মিছিল করেন। মিছিলটি উপাচার্যের বাসভবনের সামনে থেকে বের হয়ে পুরনো প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত রাত ১১টার দিকে তারা সেখানে অবস্থান করছেন।

এদিকে, উপাচার্য পদত্যাগ দাবিতে নতুন কর্মসূচী ঘোষণা করেছে আন্দোলনকারীরা। তারা বলছেন, উপাচার্যের অপসারণ না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলিয়ে যাবে তারা। নতুন কর্মসূচির মধ্যে রয়েছে-আগামীকাল বৃহস্পতিবার জাবির প্রশাসনিক ভবনে তালা ঝুলানো, ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল এবং সন্ধ্যায় উপাচার্যের বাসভবনের সামনে কনসার্ট।

বুধবার রাতে নতুন এসব কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনের অন্যতম সংগঠক ও জাবি ছাত্রফ্রন্টের নেতা মাহাথির মুহাম্মদ। তিনি বলেন, ‘আগামীকাল বৃহস্পবিার সকাল ৯টায় প্রশাসনিক ভবনে তালা, ১২টায় বিক্ষোভ মিছিল এবং সন্ধ্যা ৬টায় উপাচার্যের বাসভবনের সামনে কনসার্টের আয়োজন করা হবে। উপাচার্যের অপসারণ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে’।

এর আগে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের অপসারণ দাবিতে চলমান আন্দোলন ঠেকাতে মঙ্গলবার অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। তারপর বুধবার রাত ৮টায় ক্যাম্পাসে সব ধরনের সভা-সমাবেশ, মিছিল ও অফিস বা আবাসিক এলাকায় শিক্ষার্থীদের অবস্থানে নিষেধাজ্ঞাও জারি করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে এই নিষেধাজ্ঞা উপেক্ষা করেই বুধবার রাতে আন্দোলনকারীরা মিছিল বের করেন। তারা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণাকে প্রশাসনের ‘অবৈধ’ সিদ্ধান্ত বলে আখ্যা দেন এবং সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।