নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা; দুটি পিকআপ ভ্যানে করে চীনামাটির পাহাড় দেখতে জেলার গৌরীপুর থেকে দুর্গাপুর এসেছিল প্রায় ৪৫ জন শিক্ষার্থী। আনন্দ ভ্রমণ শেষে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় পাঁচ শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ শিক্ষার্থী । তাদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক।

গতকাল শনিবার (২৯ ফেব্রুয়ারি ২০২০) রাত সাড়ে নয়টার দিকে জেলার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের শান্তিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছে।

নিহত শিক্ষার্থীরা সবাই গৌরীপুরের হাজি আমির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। নিহতদের মধ্যে আসাদুজ্জামান ও ইয়াসিন নামে দুই শিক্ষার্থীর পরিচয় নিশ্চিত হওয়া গেছে।

এ বিষয়ে নেত্রকোনা জেলা পুলিশ সুপার মো. আকবর আলী মুন্সী রাত সোয়া ১০টার দিকে বলেন, শনিবার দুপুরের দিকে গৌরীপুর থেকে দুটি পিকআপ ভ্যানে করে প্রায় ৪৫ জনের মতো শিক্ষার্থী দুর্গাপুরের বিজয়পুরে চীনামাটির পাহাড় দেখতে আসে। সন্ধ্যার দিকে তারা বাড়ি ফিরছিল। রাত সাড়ে নয়টার দিকে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের শান্তিপুর এলাকায় পৌঁছালে উল্টো দিক থেকে আসা বালুবাহী একটি ট্রাকের সঙ্গে একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাঁচ শিক্ষার্থী নিহত হয়। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন পুলিশ সুপার।

আমাদের বাণী ডট কম/০১ মার্চ ২০২০/এভি 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।