নিজস্ব সংবাদদাতা, ময়মনসিংহ; দেশের প্রাথমিক বিদ্যালয়ে মানসম্মত শিক্ষা ব্যবস্থার জন্য নতুন নতুন পরিকল্পনা হাতে নেওয়ার কথা জানিয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সময়সূচী পরীক্ষামূলকভাবে সকাল ১০ টা থেকে শুরু করার কথা জানিয়েছেন।
গতকাল বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি ২০২০) ময়মনসিংহের নান্দাইল উপজেলার মানসম্মত প্রাথমিক শিক্ষা অর্জনে সামাজিক উদ্বুদ্ধকরণ ও মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সমাবেশে আগত মায়েদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা হচ্ছেন ছেলেমেয়েদের প্রথম শিক্ষক। আপনারা মা হিসাবে ছেলেমেয়েদের সহযোগিতা দেবেন। আমরা দেব মানুষ তৈরি করার যাবতীয় অস্ত্র। সমাবেশে মায়েদের ১০টায় স্কুলের সময়সূচি করার দাবির প্রেক্ষিতে প্রতিমন্ত্রী বলেন, নান্দাইল থেকেই পরীক্ষামূলকভাবে ১০টায় স্কুল শুরুর সময়ের একটা প্রজ্ঞাপন জারি করা হবে। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে এই পদ্ধতি সারা দেশে বাস্তবায়ন করা হবে।
কথা জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। নতুন ১৮ হাজার শিক্ষক নিয়োগ থেকেই স্নাতক পাস ছাড়া কেউ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হতে পারবেন না বলে জানান তিনি।
প্রতিমন্ত্রী শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, এখন থেকে সারা বছরেই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা বদলি হতে পারবেন। কোনো রকম তদবির লাগবে না।
মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু ৩৬ হাজার ১৭৩টি প্রাথমিক বিদ্যালয় সরকারিকরণ করেছিলেন। তার পর কত সরকার এল কিন্তু কোনো সরকারই বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো সরকারিকরণ করেনি। বাবার পর আবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৬ হাজার ১৬৫টি প্রাথমিক বিদ্যালয় সরকারিকরণ করেছেন।শেখ হাসিনার সরকার নারী বান্ধব সরকার। তাঁর সরকার নারীদের জন্য সম্ভব সব কিছু করছেন।
আমাদের বাণী ডট কম/২৭ ফেব্রুয়ারি ২০২০/এবি
