নিজস্ব সংবাদদাতা, ঢাকা; সরকারের বিভিন্ন সেক্টরে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের পেনশন আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়ে পেনশন সহজীকরণ আদেশ, ২০২০ জারি করেছে অর্থ মন্ত্রণালয়।
অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ আলী খান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ছুটি নগদায়ন মঞ্জুরির আদেশ বিল দাখিলের তিন কর্মদিবসের মধ্যে পেনশনভোগীর ব্যাংক হিসাবে ওই টাকা চলে যাবে। পেনশনে যাওয়া সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভোগান্তি কমাতে ছুটি নগদায়ন মঞ্জুরির আদেশ বিল দাখিলের তিন কর্মদিবসের মধ্যে পেনশনের অর্থ পেনশনভোগীর ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দেওয়ার বিধান রাখা হয়েছে ওই প্রজ্ঞাপনে।একইসঙ্গে মাসিক সুবিধার টাকা ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফারের (ইএফটি) মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তির ব্যাংক হিসাবে পাঠিয়ে দেওয়া হবে। শুধু পেনশনের বিষয়টি দেখার জন্য প্রত্যেক মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট বিভাগে একজন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে।
আদেশে আরও বলা হয়, অবসর নেওয়া সরকারি কর্মচারী ও সরকারি কর্মচারীর মৃত্যুর ক্ষেত্রে তাদের পরিবারের অবসর সুবিধা সঠিক সময়ে প্রাপ্তি নিশ্চিত করতে অর্থ বিভাগের জারি করা ‘বেসামরিক সরকারি কর্মচারীদের পেনশন মঞ্জুরি ও পরিশোধ সংক্রান্ত বিধি/পদ্ধতি অধিকতর সহজীকরণ আদেশ, ২০০৯’ কে নিম্নরূপ আদেশ দ্বারা প্রতিস্থাপন করার জন্য সরকার সিদ্ধান্ত নিয়েছে। যা ‘সরকারি কর্মচারীগণের পেনশন সহজীকরণ আদেশ, ২০২০’ নামে অভিহিত হবে।
নতুন জারিকৃত পেনশন সহজীকরণ আদেশ, ২০২০ এ পেনশন সংক্রান্ত সব ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। কর্মকর্তাদের বদলিতে এলপিসি ইলেকট্রনিক্যালি পূরণ করতে হবে এবং অনলাইনে প্রেরণ নিশ্চিত করতে হবে।
আমাদের বাণী ডট কম/২২ ফেব্রুয়ারি ২০২০/এপিবি
