প্রশিক্ষণ গ্রহণের জন্য অস্ট্রেলিয়া যাচ্ছেন দেশের বিচার বিভাগীয় ৪৮ কর্মকর্তা। তাদের মধ্যে ৩০ জনকে অনুমোদন দেয়া হয়েছে এবং বাকি ১৮ জনকে অপেক্ষমান হিসেবে মনোনীত করা হয়েছে। বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাথে পরামর্শক্রমে সোমবার আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ সংক্রান্ত পৃথক আদেশ জারি করা হয়েছে।
প্রশিক্ষণের জন্য মনোনীত বিচারিক কর্মকর্তাদের মধ্যে জেলা ও দায়রা জজ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ, যুগ্ম জেলা ও দায়রা জজ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন সেশন জজ ও সমপর্যায়ের কর্মকর্তাগণ রয়েছেন।
আইন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট তথ্য মতে, অধস্তন আদালত ব্যবস্থাপনা শক্তিশালী করতে এবং আইন ও বিচার বিভাগের সক্ষমতা বাড়াতে প্রকল্পের আওতায় দুই সপ্তাহের শর্ট কোর্সে অংশ নিতে যাচ্ছেন এসব বিচারিক কর্মকর্তা। প্রশিক্ষণ কোর্সের যাবতীয় ব্যয়ভার ‘অধস্তন আদালত ব্যবস্থাপনা শক্তিশালীকরণে আইন ও বিচার বিভাগের সক্ষমতা বৃদ্ধিকরণ’ প্রকল্প থেকে বহন করা হবে।
অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়ে আগামী ১ মার্চ থেকে ১৪ মার্চ পর্যন্ত অনুষ্ঠেয় প্রশিক্ষণ কোর্সে এসব বিচারিক কর্মকর্তারা অংশগ্রহণ করবেন। কর্মকর্তাগণ আগামী ২৯ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। আর ১৫ মার্চ বা তার কাছাকাছি সময়ে তারা দেশে ফিরবেন। প্রশিক্ষণ শেষে এসব কর্মকর্তাগণকে লব্ধ জ্ঞান ও অভিজ্ঞতা সম্পর্কে একটি প্রতিবেদন এবং কোর্স সমাপনী সার্টিফিকেটের কপি ১০ দিনের মধ্যে প্রকল্প পরিচালকের বরাবর দাখিল করতে হবে।
এর আগে গত অক্টোবর মাসে প্রশিক্ষণ গ্রহণের জন্য ৪৩ জন বিচার বিভাগীয় কর্মকর্তা অস্ট্রেলিয়ায় প্রশিক্ষণে অংশ নেন। জানা গেছে, গত আড়াই বছরে কয়েক ধাপেই ভারত, জাপান, অস্ট্রেলিয়াসহ বেশ কয়েকটি দেশে নিন্ম আদালতের বিচারকরা প্রশিক্ষণ গ্রহণ করেছেন। এভাবে পর্যায়ক্রমে দেশের নিন্ম আদালতের প্রায় দেড় হাজারের বেশি বিচারককে প্রশিক্ষণের জন্য বিদেশ পাঠানো হবে।
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের সদস্যদের দক্ষতা বাড়ানোর লক্ষ্যে এই প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
