প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেছেন, ‘সরকারি প্রাথমিক স্কুলগুলোতে পর্যাপ্ত ক্লাসরুম না থাকার কারণে এখন দুই শিফটে ক্লাস নেয়া হয়। সরকার স্কুলগুলোতে পর্যাপ্ত ক্লাসরুমের ব্যবস্থা করে এক শিফট চালুর উদ্যোগ নিয়েছে।’ মঙ্গলবার সংসদে সরকারি দলের সদস্য এনামুল হকের সম্পূরক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

সরকারি দলের অপর সদস্য গ্লোরিয়া ঝর্ণা সরকারের তারকাচিহ্নিত এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, শিক্ষক নিয়োগ বিধিমালা ২০১৩ অনুযায়ী- ইতোমধ্যে সারাদেশে পদোন্নতিযোগ্য সহকারী শিক্ষকদের প্রধান শিক্ষক পদে চলতি দায়িত্ব দেয়া হচ্ছে। তিনি বলেন, প্রধান শিক্ষক পদ শূন্য হওয়ার সঙ্গে প্রক্রিয়াটি চলমান।

সারা দেশের আরো এক হাজার প্রাথমিক বিদ্যালয় নির্মাণ করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। তিনি বলেন, নতুন করে সারাদেশে আরো এক হাজার প্রাথমিক স্কুল নির্মাণের পরিকল্পনা রয়েছে। একইসঙ্গে এসব স্কুলে শিক্ষকদের জন্য আবাসন ব্যবস্থাও নির্মাণ করা হবে।

অপর এক প্রশ্নের জবাবে আর কোনো প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের প্রস্তাব বিবেচনার সুযোগ নেই বলে জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। তিনি বলেন, নতুন করে প্রাথমিক স্কুল জাতীয়করণের সুযোগ নেই। এছাড়া প্রাথমিকের সময় সূচি কমবে এবং এক শিফট চালু হবে বলেও জানান তিনি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।