নিজস্ব সংবাদদাতা, ঢাকা; বিশ্বে দাবানলে মত ছড়িয়ে পড়ছে প্রাণঘাতী করোনা ভাইরাস।আর এই ভাইরাসের সংক্রমণ রোধে বিশ্বের প্রতিটি দেশই নিজস্ব পন্থায় লকডাউন কিংবা জরুরী অবস্থা ঘোষণা করেছে। বাংলাদেশেও ছড়িয়ে পড়ছে এই মহামারি। প্রাণঘাতী এই ভাইরাসটি যাতে ছড়িয়ে না পরে সে কারণে আগামী মাসের ৯ তারিখ পর্যন্ত দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে এই পরিস্থিত যদি বাড়তে থাকে তাহলে এই ছুটির মেয়াদ বাড়তে পারে। সেই বিষয়টি মাথায় রেখেই দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের পাঠদান নিয়ে দীর্ঘ পরিকল্পনা নিয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এমন পরিস্থিতি সৃষ্টি হলে সব প্রাথমিক বিদ্যালয়ে ই-পাঠদানের (ভিডিও ক্লাস) ব্যবস্থা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আর এ কাজে এটুআই প্রকল্পের সহায়তা নেয়া হবে। তবে প্রাথমিক পর্যায়ে এটি তিন মাস মেয়াদি হিসেবে পরিকল্পনা করা হয়েছে।
করোনাভাইরাসের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানের বন্ধ আরো বাড়লে শিক্ষার্থীদের ভিডিওর মাধ্যমে ক্লাস নেওয়া হবে।
আজ রবিবার (২৯ মার্চ ২০২০) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আকরাম-আল-হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ আরো দীর্ঘ হলে শিক্ষার্থীদের পড়াশোনা বিঘ্নিত হবে । শিক্ষার্থীদের এই ঘাটতি পূরণে বিভাগীয় প্রাথমিক শিক্ষা অফিসার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসারদের নির্দেশনা দেওয়া হয়েছে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ক্লাস নেওয়ার জন্য। থানা শিক্ষা অফিসার ও ক্লাস্টার প্রধান ও উপজেলা সহকারী শিক্ষা অফিসারদের মাধ্যমে প্রধান শিক্ষকদের এ বিষয়ে জানিয়ে দেওয়া হয়েছে।’
শিক্ষার্থীরা ঘরে বসে পাঠ গ্রহণ করতে পারবে জানিয়ে তিনি বলেন, ‘এটি অল্প কিছু দিনের জন্য নয়; দীর্ঘ সময়ের জন্যই এই প্রস্তুতি নেওয়া হচ্ছে। আমরা শিক্ষকদের তালিকা তৈরি করেছি। কী কী বিষয়, কত ঘণ্টা পড়াবো তা ঠিক করা হচ্ছে। শিক্ষার্থীদের মা-বাবাদের মোবাইল নম্বর আমাদের কাছে রয়েছে। প্রধান শিক্ষকরা পাঠ দেওয়ার ব্যবস্থা নিতে সহায়তা করবেন।’
আমাদের বাণী ডট কম/২৯ মার্চ ২০২০/ডিএ
