নিজস্ব সংবাদদাতা, ব্রাহ্মণবাড়িয়া; স্কুলের মাঠে পাতা কুড়াতে আসা এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে ওই স্কুলের দপ্তরির বিরুদ্ধে। জেলার নবীনগর উপজেলার বড়াইল উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাদের উপর কিশোরী ধর্ষণের ঘটনা ঘটে বলে জানা গেছে।

গত বুধবার (১১ মার্চ ২০২০ ) অভিযোগ পেয়ে রাতেই অভিযান চালিয়ে ধর্ষককে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় নিযার্তিতার মা পিয়ারা বেগম বাদী হয়ে নবীনগর থানায় মামলা দায়ের করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বড়াইল উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের বাড়ির এক কিশোরী ৫ তারিখ বিকেলে ওই বিদ্যালয়ের মাঠে পড়ে থাকা পাতা কুড়াচ্ছিল, তখন ওই বিদ্যালয়ের দপ্তরি বড়াইল গ্রামের মৃত-ফাজিল মিয়ার ছেলে রবিউল্লাহ তাকে বিদ্যালয়ের ভিতরের পড়ে থাকা পাতা নিয়ে যেতে বলে। তখন সে ভিতরে যেতেই তার মুখে ওড়না পেচিয়ে তাকে জোরপূর্বক বিদ্যালয়ের ছাদের উপর নিয়ে ধর্ষণ করে।

নির্যাতিতা ঐ কিশোরীর মা জানান, আমার মেয়ে একটু সহজ সরল, নিযার্তনের পর কাঁদতে কাঁদতে বাড়িতে এসে আমার কাছে সব ঘটনা খুলে বলে। আমরা গরীব, সে কারণে লোকলজ্জার ভয়ে কাউকে প্রথমে কিছু বলি নাই। পরদিন রাত ২টার সময় রবিউলের মা স্থানীয় মেম্বার লিয়াকত মিয়াকে নিয়ে এই ঘটনার জন্য আমার কাছে মাফ চাইতে আসলে আমি তাকে ফিরিয়ে দেই। ঘটনার দুই দিন পর মেয়ে অসুস্থ হয়ে গেলে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করি। পরে এ ঘটনা জানাজানি হলে বড়াইল ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেন, লিয়াকত মেম্বার, জলিল মেম্বার বিষয়টি মীমাংসা করে দেওয়ার জন্য সময় নিয়েও কোন সমাধান দেয়নি। এ ঘটনা ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষককেও জানানো হয়েছিল। আমরা গরীব বলে কেউ এ বিষয়টি গুরুত্ব দেয়নি। পরে বাধ্য হয়ে আইনের আশ্রয় নিয়েছি।

এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান জাকির হোসেন জানান, বিষয়টি ধর্ষণ কিনা আমার তা জানা নেই। তবে বিষয়টি জানার পর স্থানীয় কয়েকজনকে বলেছিলাম সামাজিকভাবে মীমাংসা করার জন্য। পরে আমাকে আর কেউ কিছু জানায়নি।

জানতে চাইলে নবীনগর থানার ওসি রনোজিত রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার রাতে অভিযোগ জানার পরপরই অভিযান চালিয়ে রাত ২টায় বড়াইল গ্রাম থেকে অভিযুক্ত রবিউল্লাহকে গ্রেফতার করা হয়েছে। ভিকটিমকে মেডিকেল পরিক্ষার জন্য জেলা সদর হাসপাতালে ও আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

আমাদের বাণী ডট কম/১২ মার্চ ২০২০/টিএ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।