নিজস্ব সংবাদদাতা, ঢাকা; কারাভোগের বেশির ভাগ সময় অতিক্রম করে সাধারণ ক্ষমায় ফরিদপুর জেলা কারাগার থেকে মুক্তি পেয়েছেন দুই কয়েদী।
আজ রবিবার (০৩ মে ২০২০) দুপুরে তাদের মুক্তি দেয়া হয়।
মুক্তি পাওয়া এই দুই কয়েদী হলেন, ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কান্দাকুল গ্রামের বাসিন্দা মো. ওয়াহাব মোল্লা (৫০) ও মেহেরপুর জেলার সদর উপজেলার ডহরপুর গ্রামের সিরাতুন মিয়া (৪৯)।
ওয়াহাব মোল্লা স্ত্রীর দায়ের করা যৌতুক মামলায় এক বছর সশ্রম কারাদন্ড এবং দুই হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো এক মাসের বিনাশ্রম কারদণ্ড হয়। রেয়াদসহ তিনি এ পর্যন্ত সাত মাস ২২দিন কারাভোগ করেছেন। তার আরো চার মাস ৮দিন সাজা ভোগ করার কথা ছিল।
অপরদিকে একটি মাদক মামলায় এক বছর সশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আর তিন মাস বিনাশ্রম কারাদন্ড ভোগ করছিলেন সিরাতুন মিয়া। রেয়াদসহ তিনি এ পর্যন্ত ছয় মাস ১৭ দিন সাজা ভোগ করেছেন। তার আরো ৫ মাস সাত দিন সাজা ভোগ করার কথা ছিল।
সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের জেল সুপারে আব্দুর রহিম বলেন, সিরাতুন মিয়া নিজে জরিমানার এক হাজার টাকা জমা দিয়েছেন। পক্ষান্তরে ওয়াহাব খুবই দরিদ্র হওয়ায় এবং মুক্তির পর জেল গেটে তাকে কেউ নিতে না আসায় তার জরিমানার দুই হাজার টাকা জেল কর্তৃপক্ষই প্রদান করে তার মুক্তির ব্যবস্থা করে দেন।
উল্লেখ্য, করোনায় প্রভাব থেকে মুক্তিপেতে লঘু দণ্ডে দণ্ডিত মুক্তির তালিকাভুক্ত ২ হাজার ৮৮৪ জনের মধ্যে গতকাল শবিবার (০২ মে ২০২০) প্রথম দিনে সারা দেশে মোট ১৭০ কয়েদিকে মুক্তি দেয়া হয়েছে।
আমাদের বাণী ডট কম/০৩ মে ২০২০/সিসিএ
