চলন্তবাসে যৌন হয়রানির শিকার হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) মার্কেটিং বিভাগের এক শিক্ষার্থী। যৌন হয়রানির অভিযোগে মাদরাসার এক শিক্ষককে এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের ১নং গেইট এলাকায় ৩নং বাসে এই ঘটনা ঘটে। পরে বাসের যাত্রীরা তাকে ধরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির নিকট হস্তান্তর করেন। অভিযুক্ত মো. জামাল উদ্দীন (৩৫) নগরের অক্সিজেনের একটি মাদ্রাসায় শিক্ষক। তার পিতার নাম আব্দুল বারী ওয়াদুদ। গ্রামের বাড়ি সুনামগঞ্জের ছাতকে।

ভুক্তভোগী শিক্ষার্থীর একজন সহপাঠী জানান, শহরে যাওয়ার জন্য কয়েকজন বান্ধুবীসহ বিশ্ববিদ্যালয়ের ১নং গেইট থেকে ৩নং তরী বাসে উঠেন ভুক্তভোগী। অভিযুক্ত জামাল উদ্দিন তাঁর পেছনেই বসা ছিলেন। তখন বাসে আর কেউ ছিল না। একপর্যায়ে জামাল বেশ কয়েকবার তাঁর গায়ে স্পর্শ করেন। প্রতিবাদ করলে উল্টাপাল্টা কথা বলেন।

এই বিষয়ে হাটহাজারীর সহকারী কমিশনার (ভূমি) সম্রাট খীসা বলেন, অভিযোগ প্রমাণিত হওয়ায় জামালকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এস এম মনিরুল হাসান বলেন, জামাল উদ্দীন নামের এক যাত্রী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে যৌন হয়রানি করে। আমরা তাকে ভ্রাম্যমাণ আদালতে পাঠিয়ে দিয়েছি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।