বগুড়া সংবাদদাতা; জেলার আদমদীঘি উপজেলার সান্তাহারে দশম শ্রেণির এক ছাত্রীকে অপহরণ করে চারদিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় রহিম (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার (০২ জুন ২০২০) সকালে ঐ যুবককে জেল হাজতে পাঠানো হয়েছে।
- এর আগে গতকাল সোমবার বিকেলে ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদি হয়ে ৫ জনকে আসামি করে সান্তাহার পুলিশ ফাঁড়িতে একটি ধর্ষণ মামলা করেন। গ্রেপ্তার রাহিম সান্তাহার পৌর এলাকার মালশন গ্রামের বাসিন্দা। তার বাবার নাম ঈসমাইল (মৃত)।
মামলার এজাহার থেকে জানা গেছে, গত ২৮ মে ৫ সহযোগীকে নিয়ে ভুক্তভোগীকে অপহরণের পর কাহালু উপজেলার কালিচকুড়ি গ্রামে একটি বাড়িতে আটকে রাখা হয়। টানা ৪ দিন সেখানে তাকে ধর্ষণ করা হয়।
- মামলার ভিত্তিতে পুলিশ গতকাল সোমবার কাহালু উপজেলার কালিচকুড়ি গ্রাম থেকে রাহিমকে গ্রেপ্তার ও ভুক্তভোগীকে উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করে সান্তাহার পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আব্দুল ওয়াদুদ বলেন, ‘অন্যান্য আসামিদের গ্রেপ্তারে তৎপরতা চলছে।’
আমাদের বাণী ডট কম/০২ মে ২০২০/সিসিপি
