অসুস্থ স্বামী জামিলুর রহমান বুলবুলকে বাঁচাতে নিজের লিভারের অংশ দিয়ে অনন্য নজির স্থাপন করলেন বগুড়ার সোনাতলার গৃহবধূ মাকছুদা জাহান নূপুর। ভারতের চেন্নাই এ্যাপোলো হাসপাতালে রোববার লিভার স্থাপন করা হয়েছে। নূপুরের বড় বোন মহিষাবান বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক পাপিয়া আকতার জানান, বর্তমানে দু’জনই সুস্থ আছেন।

জানা গেছে, বগুড়ার সোনাতলা উপজেলার দিগদাইড় ইউনিয়নের মাদারীপাড়া গ্রামের মৃত ইয়াছিন আলী তরফদারের একমাত্র ছেলে ব্যবসায়ী জামিলুর রহমান বুলবুলের সঙ্গে এক যুগ আগে প্রেমের সম্পর্কে পাশের কাতলাহার গ্রামের সাবেক ইউপি সদস্য আবদুল মজিদের মেয়ে মাকছুদা জাহান নূপুরের বিয়ে হয়। দু’বছর আগে বুলবুলের লিভার নষ্ট হয়ে যায়। দেশে চিকিৎসা নিয়ে ভারতের চেন্নাই এ্যাপোলো হাসপাতালে যান। চিকিৎসকরা তাকে লিভার প্রতিস্থাপনের পরামর্শ দেন। তখনই স্বামীকে লিভার দিয়ে সুন্দর এ পৃথিবীতে বাঁচিয়ে রাখার সিদ্ধান্ত নেন স্ত্রী নূপুর।

নূপুরের বোন পাপিয়া আকতার জানান, রোববার ভারতের চেন্নাই এ্যাপোলো হাসপাতালে চিকিৎসকরা ১৮ ঘণ্টার অপারেশনে নূপুরের শরীর থেকে লিভার নিয়ে বুলবুলের শরীরে প্রতিস্থাপন করেন। নির্দিষ্ট সময়ে তাদের জ্ঞান ফেরে। চিকিৎসকরা জানিয়েছেন, দু’জনই ভালো আছেন। সুস্থ হয়ে তারা দেশে ফিরে আসবেন এটাই আশা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।