নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ; জেলায় সেপটিক ট্যাংক বিস্ফোরণে দুই শিশুসহ এক অন্তসত্ত্বা নারী নিহত হয়েছেন। এতে আহত হন আরো পাঁচজন।
আজ শুক্রবার (০৮ মে ২০২০) সকালে বন্দরের দিঘিরপাড় এলাকায় রফিকুল ইসলাম হাসানের মোল্লা বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- দুই ভাই মাসনুন (৮), জিসান (১২) ও অন্তঃসত্ত্বা লাবনী (২৮)। বাকি আহতদের নাম তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বন্দর উপজেলার নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকার ও ওসি রফিকুল ইসলাম। তারা আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
এদিকে সেপটিক ট্যাংকের বিস্ফোরণে পাশের একটি ৪ তলা বাড়ি ও একটি টিনশেড বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ ব্যাপারে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, বন্দরের মোল্লাবাড়ি এলাকায় ৫ তলা ভবন রাবেয়া মঞ্জিলের নীচতলার একটি কক্ষে সেপটিক ট্যাংকটি ছিল। সবাই যখন ঘুমিয়ে ছিল তখনই সকাল ৬টার দিকে বিকট শব্দে সেপটিক ট্যাংকে বিস্ফোরণ ঘটলে কক্ষটি বিধ্বস্ত হয়। এতে ঘটনাস্থলেই নিহত হয় দুই সহোদর মাসনুন(১২) ও জিসান(৬)।
ট্যাংক বিস্ফোরণের বিকট শব্দে রাবেয়া মঞ্জিলের পাশের একটি চারতলা ভবনের চারতলার একটি দেয়াল পাশ্ববর্তী একটি টিনশেড ভবনের ওপর পড়লে সেখানে অন্তসত্ত্বা নারী লাবনী গুরুতর আহত হন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর তার মৃত্যু হয়, বলছিলেন ওসি।
এ ঘটনায় লাবনীর মেয়ে নাবিলাও গুরুতর আহত হয়। এ বিস্ফোরণে আহত হয় পার্শ্ববর্তী ভবনের মালিক ও তার এক ছেলে এক মেয়েসহ মোট ৫ জন। আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
আমাদের বাণী ডট/০৮ মে ২০২০/পিবিএ
