গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগের দাবিতে এবং আন্দোলনরত শিক্ষার্থী ও সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মশাল মিছিল ও ভিসির কুশপুত্তলিকা দাহ করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (কুবিসাস)।

শনিবার রাত ৯ টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের পাদদেশে এ কর্মসূচী শুরু হয়।

সাংবাদিক সমতির সভাপতি জাহিদুল ইসলামের নেতৃত্বে শুরু হওয়া মশাল মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। মশাল মিছিলে সাংবাদিক সমিতির সদস্য ও বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মশাল মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে সাংবাদিক সমিতির সভাপতি জাহিদুল ইসলাম বক্তব্য রাখেন। তিনি বলেন, একজন উপাচার্যের মদদে কিভাবে শিক্ষার্থীদের ওপর হামলা হয় তা আমাদের বুঝে আসে না! আমরা এ হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আগামীকালকের মধ্যে বশেমুরবিপ্রবির উপাচার্যের অপসারণ ও আইনের আওতায় এনে বিচারের দাবি জানান তিনি। যদি তাকে দ্রুত আইনের আওতায় না আনা হয় এবং বিশ্ববিদ্যালয়ে অবস্থানরত সকল সাংবাদিক ও শিক্ষার্থীদের নিরাপত্তা না দেওয়া হয় তাহলে ছাত্রসমাজ নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুমকি দেন তিনি।

উল্লেখ্য, শনিবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলন করা শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।