নিজস্ব সংবাদদাতা, ঢাকা; বিশ্বব্যাপী দাবানলের মত ছড়িয়ে পড়ছে করোনাভাইরাস। এ প্রান্ত থেকে ও প্রান্ত বিশ্বের প্রতিটি দেশেই যেন বিদ্যুতের গতিতে এ ভাইরাসটি ছড়িয়ে পড়ছে। বাংলাদেশের লাফিয়ে লাফিয়ে বাড়ছে এর সংখ্যা। সাথে লাশের মিছিলও হচ্ছে বড়। দেশে করোনাভাইরাসে আরও একজনের মৃত্যু হয়েছে। এতে ভাইরাসটিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে চারজনে। নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৬ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৯ জনে।
বাংলাদেশের জরুরি এই পরিস্থিতিতে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এরই মধ্যে সারা দেশে বন্ধ করা হয়েছে গণপরিবহন, লঞ্চ, ট্রেন। ছুটি বাড়ছে শিক্ষা প্রতিষ্ঠানের। আজ মঙ্গলবার থেকে রাজধানীতে মাঠে নেমেছে সেনাবাহিনী, আগামীকাল বুধবার থেকে নামবে সারা দেশে।
সরকারি ঘোষণা অনুযায়ী এখন পর্যন্ত কি কি বন্ধ হয়েছে, এবং তার মেয়াদ কতদিন থাকবে; আসুন দেখে নিই এক নজরে-
- গত ১৭ মার্চ থেকে বন্ধ করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। বন্ধ থাকবে আগামী ৯ এপ্রিল পর্যন্ত। স্থগিত করা হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা, এপ্রিলের শুরুর দিকে পরীক্ষার পরবর্তী সময়সূচি জানানো হবে।
- গত ২১ মার্চ দিবাগত রাত ১২টা থেকে ৩১ মার্চ পর্যন্ত বন্ধ করা হয়েছে ইংল্যান্ড, চীন, হংকং, থাইল্যান্ড ব্যাতীত অন্য সব দেশের সঙ্গে বিমান চলাচল। আজ মঙ্গলবার রাত ১২টা থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হচ্ছে অভ্যন্তরীণ ফ্লাইট।
- আগামীকাল বুধবার থেকে ৪ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে বিপণিবিতান-মার্কেট। তবে খোলা থাকবে সুপারশপ, ওষুধ, মুদি দোকান, কাঁচাবাজারসহ নিত্যপণ্যের দোকানপাট।
- ফেব্রুয়ারি থেকে মে- এই চার মাসের গ্যাসের বিল আগামী জুনে জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এতে কোনো বিলম্ব মাশুল দিতে হবে না।
- আগামী বৃহস্পতিবার থেকে বন্ধ হচ্ছে অফিস-আদালত। ৪ এপ্রিল পর্যন্ত সরকারি ছুটি থাকবে।
- আজ থেকে আগামী ৪ এপ্রিল পর্যন্ত সব ধরনের যাত্রীবাহী ট্রেন-গণপরিবহন বন্ধ ঘোষণা করা হয়েছে। অনির্দিষ্টকালের জন্য নৌযান চলাচল বন্ধ।
উল্লেখ্য, গত ডিসেম্বরের শেষ দিকে চীনের উহানে প্রথম শনাক্ত হওয়া করোনাভাইরাস এখন বৈশ্বিক মহামারি। বিশ্বের ১৯৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এ ভাইরাসটি। এখন পর্যন্ত এই প্রাণঘাতী ভাইরাসে আক্রান্তের সংখ্যা তিন লাখ ৭৮ হাজার ৮৪৮ এবং মারা গেছেন ১৬ হাজার ৫১৪ জন। অপরদিকে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে এক লাখ দুই হাজার ৬৯ জন।
আমাদের বাণী ডট কম/২৪ মার্চ ২০২০/টিএ
