আল মাসুদ, পঞ্চগড় জেলা সংবাদদাতা; করোনা ভাইরাসের কারণে গত ২৫ মার্চ থেকে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ করে দেয় বন্দর কর্তৃপক্ষ। পাথর বোঝাই ২টি ট্রাক বন্দরে প্রবেশের মধ্য দিয়ে স্থলবন্দরের কার্যক্রম শুরু করেছে কর্তৃপক্ষ।
আজ শনিবার (১৩ জুন ২০২০) সকালে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয় বাংলাবান্ধা স্থলবন্দর । এদিকে বিজিবি সদস্যরা সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে ট্রাক চালকদের শরীরের তাপমাত্রা এবং ট্রাকগুলো স্প্রে করে বন্দরে প্রবেশ করতে দেয়।
এদিকে দীর্ঘদিন বন্ধ থাকার পর বন্দরটি চালু হওয়ায় সিঅ্যান্ডএফ এজেন্ট, শ্রমিক ও ব্যবসায়ীদের মধ্যে খুশির আমেজ দেখা গেছে।
এসময় উপস্থিত ছিলেন- তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহাগ চন্দ্র সাহা, তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম, বাংলাবান্ধা স্থলবন্দরের পোর্ট ম্যানেজার কাজী আল-তারেক, বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি ও রপ্তানিকারক অ্যাসোসিশনের সভাপতি মেহেদী হাসান খান বাবলা প্রমুখ।
বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানী ও রপ্তানীকারক এ্যাসোসিশনের সভাপতি মেহেদী হাসান খান বাবলা জানান, করোনা ভাইরাসের কারণে গত ২৫ মার্চ থেকে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে সকল প্রকার পণ্য আমদানী-রপ্তানী বন্ধ থাকে।
গত বৃহস্পতিবার (১১ জুন) জেলা প্রশাসন বাংলাবান্ধা স্থলবন্দর পরিদর্শন করে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে পুনরায় শর্ত সাপেক্ষে দেশের একমাত্র চতুর্দেশীয় বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানী-রপ্তানী কার্যক্রম চালুর বিষয়ে সিদ্ধান্ত হয়।
আমাদের বাণী ডট কম/১৩ জুন ২০২০/ডিএ
