ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার জগদল – নাগরভিটা সীমান্তে নাগর নদী থেকে সাজু মিয়া (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুর ২টায় রানীশংকৈল উপজেলার জগদল – নাগরভিটা সীমান্তের বাংলাদেশের ৩৭৬/১ নং পিলারের কাছ ভারতীয় নাগরনদী থেকে মরদেহ উদ্ধার করে বালিয়াডাঙ্গী থানা পুলিশ। নিহত সাজু মিয়া ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার ভালুকা গ্রামে সামশুল হকের ছেলে।
ঠাকুরগাঁও ৫০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস,এন,এম সামীউ -ন্নবী চৌধুরী জানান, ১৮ ডিসেম্বর বুধবার সন্ধ্যায় নাগরভিটা সীমান্ত দিয়ে সাজু মিয়ার গ্রুপ ভারতে গরু আনতে অনুপ্রবেশের সময় বিএসএফ’র ধাওয়া খেয়ে পালিয়ে আসার সময় সাজু মিয়া নিখোঁজ হয়। পরে তারা নাগরভিটা সীমান্তে বিজিবিকে এসে বিষয়টি জানায়। ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে মরদেহ দেখে বিজিবি’র সদস্যরা পুলিশকে খবর দিলে বিকাল ৩টার সময় পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। তবে মরদেহের গায়ে গুলির কোন চিহ্ন পাওয়া যায়নি।
বালিয়াডাঙ্গী থানার ওসি তদন্ত সরিফুল ইসলাম বলেন, যুবকের মরদেহ উদ্ধার মর্গে পাঠানো হবে। ময়না তদন্ত শেষে বলা যাবে মৃত্যুর সঠিক কারণ।
