নিজস্ব সংবাদদাতা, বগুড়া; বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি ও দিল্লী সহিংসতায় প্রাণহানি ও অগ্নিকাণ্ডের ঘটনার প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ।

গতকাল শুক্রবার (২৮ ফেব্রুয়ারি ২০২০) জেলা শহরের সাতমাথায়  জেলা বাসদ  এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে।

সমাবেশে বক্তারা বলেন, ভারতের হিন্দুত্ববাদী বিজেপি সরকার সাম্প্রদায়িক বিষবাস্প ছড়িয়ে মানুষ হত্যা করছে, অন্যদিকে আমাদের সরকার আরেক দফা বিদ্যুতের মূল্যবৃদ্ধি করে বিষবাষ্প ছড়িয়ে জনজীবন বিপর্যস্ত করছে।বিদ্যুতের দাম বাড়লে প্রভাব পড়ে সর্বত্র। নিত্য প্রয়োজনীয় সকল জিনিসের দাম, বাড়ী ভাড়া, গাড়ী ভাড়া বেড়ে যাবে। এতে করে জনগণের জীবন জীবিকা চরম সংকটে পড়বে।

বক্তারা আরও বলেন, রেন্টাল, কুইক রেন্টাল বিদ্যুত কেন্দ্রের নামে বেসরকারি ব্যক্তি মালিকদের মুনাফার উদ্দেশ্যে লুণ্ঠনের এক অভয়ারন্য তৈরি হয়েছে। রেন্টাল, কুইক রেন্টাল বিদ্যুত কেন্দ্রে উৎপাদন বন্ধ থাকলেও কোন বিদ্যুৎ না কিনলেও ক্যাপাসিটি চার্জ বাবদ হাজার হাজার কোটি টাকা তাদেরকে দিতে হচ্ছে।এই লুটপাটের দায় জনগণ কেন নেবে? সরকারের ভুলনীতি-দুর্নীতি ও লুটপাটের কারণেই আজ বিদ্যুতের এই মূল্যবৃদ্ধি। নেতৃবৃন্দ তীব্র ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জানান।

সেইসাথে নেতৃবৃন্দ, ভারতের দিল্লীতে হিন্দুত্ববাদী মোদী সরকারের সাম্প্রদায়িক বিভাজনের সিএএ, এনআরসি ও এনপিআর এর বিরুদ্ধে আন্দোলনরত বিক্ষোভকারীদের উপর বিজেপি’র সন্ত্রাসী হামলায় প্রায় অর্ধশতাধিক মানুষের প্রাণহানি ও পাঁচশতাধিক মানুষের আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন।এই উপমহাদেশে শাসক রাজনৈতিক দলসমূহ অসৎ রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতে বিভিন্ন সময়ে সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়িয়েছে, যার পরিণতিতে সাম্প্রদায়িক হানাহানির ঘটনা ঘটে অসংখ্য মানুষের প্রাণ বলি হয়েছে এবং এখনও হচ্ছে।

নেতৃবৃন্দ ভারতের দিল্লীর সহিংস ঘটনার প্রভাব যেন বাংলাদেশে না পড়ে এবং আমাদের দীর্ঘ ঐতিহ্য সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকে তার জন্য সকল দেশপ্রেমিক গণতন্ত্রমনা-অসাম্প্রদায়িক চেতনা সম্পন্ন জনগণের প্রতি আহ্বান জানান। একই সাথে বিদ্যুতের মূল্যবৃদ্ধির এই অগণতান্ত্রিক সিদ্ধান্তের বিরুদ্ধে গ্ণতান্ত্রিক আন্দোলন গড়ে তোলার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

সমাবেশে সভাপতিত্ব করেন বাসদ বগুড়া জেলার আহ্বায়ক অ্যাড. সাইফুল ইসলাম পল্টু। বক্তব্য রাখেন বাসদ বগুড়া জেলা সদস্য সচিব সাইফুজ্জামান টুটুল, জেলা সদস্য দিলরুবা নূরী, ধনঞ্জয় বর্মণ প্রমুখ।

আমাদের বাণী ডট কম/২৯ ফেব্রুয়ারি ২০২০/এবি 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।