বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) বয়স, যোগ্যতা ও চাকরির আবেদনের বিধিকে চ্যালেঞ্জ করে করা রিট কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন হাইকোর্ট। ওই রিটে সাধারণ বাংলাদেশ সিভিল সার্ভিস বা বিসিএসে প্রবেশের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর করার নির্দেশনা চাওয়া হয়েছে। এ বিষয়ে আদালত বলেছেন, চাকরিতে প্রবেশের বয়স বাড়ানো, কমানো সরকারের বিষয়।

আজ সোমবার (২৭ জানুয়ারি ২০২০) হাইকোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের বেঞ্চ এই আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এ বি এম আলতাফ হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।

গতকাল রবিবার (২৬ জানুয়ারি, ২০২০ ) বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের বয়স, যোগ্যতা ও চাকরির আবেদনের বিধিমালা ২০১৪ এর ১৪ বিধিকে চ্যালেঞ্জ করে রিট দায়ের করা হয়। রিটে সাধারণ বিসিএসে প্রবেশের সুযোগ ৩২ বছর চাওয়া হয়।

রিটের পক্ষে আইনজীবী ব্যারিস্টার এ বি এম আলতাফ হোসেন বলেন, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের বয়স, যোগ্যতা ও চাকরির আবেদনের বিধিমালা ২০১৪ এর ১৪ বিধিকে চ্যালেঞ্জ করা হয়েছে। এই বিধিতে বলা আছে, যারা সাধারণ বিসিএস ক্যাডারে পরীক্ষা দেবে তারা ৩০ বছর পর্যন্ত পরীক্ষা দিতে পারবে। অথচ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় ৩২ বছর পর্যন্ত আবেদনের সুযোগ রয়েছে। শুধু তাই নয় ১৪ উপ-বিধিতে বলা আছে, যারা শিক্ষা ক্যাডারেও ৩২ বছর পর্যন্ত পরীক্ষার সুযোগ পাবে।

আইনজীবী বলেন, জুডিশিয়াল সার্ভিসে ৩০ বছর পর্যন্ত সুযোগ পাচ্ছেন। অথচ সাধারণ বিসিএসে অংশগ্রহণকারী ৩০ বছর পর্যন্ত সুযোগ পাবেন। এটা সাংর্ঘষিক। চাকরিতে প্রবেশের ক্ষেত্রে যেন সকলের সমান অধিকার নিশ্চিত হয় রিটে আমরা তা চেয়েছি। ৩০ বছর পার হয়ে যাওয়ায় বিসিএস পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত বিজিত শিকদারসহ পাঁচ শিক্ষার্থী রিট দায়ের করেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।