রংপুর সংবাদদাতা;  সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও সদ্য প্রয়াত আওয়ামী লীগ নেতা নাসিমকে কটুক্তি করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার দায়ে মামলায় গ্রেপ্তার হয়ে থাকা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রভাষক সিরাজুম মুনিরাকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

  • আজ বুধবার (১৭ জুন ২০২০) বিকালে বাংলা বিভাগের ওই প্রভাষককে বহিষ্কার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের সহকারী প্রশাসক তাবিউর রহমান প্রধান।

তিনি জানান, যেহেতু তিনি মামলায় গ্রেপ্তার হয়ে আছেন তাই বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী তাকে সাময়িক বহিস্কার করা হয়েছে। এ বিষয়ে তাকে ডাকযোগে চিঠিও পাঠানো হয়েছে।

  • তবে বিষয়টি নিয়ে কোন নোটিশ না দেওয়ায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি তুষার কিবরিয়া বলেন, এক প্রতিষ্ঠানে দুই নীতি চলতে পারে না। শিক্ষক নামের কলঙ্ক মনিরাকে বরখাস্ত করতে প্রশাসনের এতো টালবাহানা কেন? পূর্বে দুইজন কর্মকর্তা মামলায় গ্রেপ্তার হওয়ায় তাদেরকে সেদিনই সাময়িক বহিস্কার করে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিলো। কিন্তু কেন এই মনিরার ব্যাপারে এখনো দেওয়া হয়নি?

প্রসঙ্গত, মোহাম্মদ নাসিমকে নিয়ে ফেসবুকে কটূক্তি করায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) বাংলা বিভাগের সেই শিক্ষককে গ্রেপ্তার করেছে রংপুর মেট্রোপলিটন তাজহাট থানা পুলিশ। বিশ্ববিদ্যালয় প্রশাসনের করা মামলায় শনিবার রাত ১২টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। রবিবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করে থানা পুলিশ এবং আদালতের কাছে পাঁচদিনের রিমান্ড আবেদন করে। যার শুনানি সোমবার এবং পরে বুধবার হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে আবার বৃহস্পতিবার (১৮ জুন) ধার্য করা হয়েছে।

আমাদের বাণী ডট কম/১৭  জুন ২০২০/পিপিএম 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।