ডেস্ক রিপোর্ট, ঢাকা;  করোনার মধ্যে গত তিন মাস ধরে অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে বিপাকে পড়েছেন গ্রাহকরা। সব বিল সমন্বয় করা হয়েছে বলে সরকারের পক্ষে দাবি করা হলেও চলতি জুলাই মাসেও অতিরিক্ত বিদ্যুৎ বিল পেয়েছেন গ্রাহক। এর সঙ্গে যুক্ত হয়েছে সরকার নির্ধারিত বিদ্যুতের মূল্যবৃদ্ধি।

গত মার্চ থেকে কার্যকর হওয়া ওই মূল্যহার অনুযায়ী, সাধারণ খুচরা গ্রাহক পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম গড়ে ৩৬ পয়সা বা ৫ দশমিক ৩ শতাংশ বেড়েছে। প্রতি ইউনিটের দাম ৬ টাকা ৭৭ পয়সা থেকে বেড়ে হয়েছে ৭ টাকা ১৩ পয়সা। সংকটের সময় বাড়তি খরচ গুনতে হচ্ছে সব শ্রেণির গ্রাহককে। গত এপ্রিল ও মে মাসে দেশে সব মিলিয়ে ৬২ হাজার বিদ্যুৎ বিলে অসঙ্গতি পাওয়া গেছে বলে সরকারের তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে। কিন্তু এমন অসঙ্গতিপূর্ণ বিলের সংখ্যা আরো বেশি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সব বিল বাতিল করে নতুনভাবে যাচাই করলে সব গ্রাহক সঠিক বিল পেতে পারতেন বলে মনে করেন ভোক্তা অধিকার সংগঠন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জ্বালানি উপদেষ্টা অধ্যাপক শামসুল আলম।

অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে দেশজুড়ে ভোগান্তি দেখা দেওয়ার পর বিদ্যুৎ বিভাগ একটি টাস্কফোর্স গঠন করে। টাস্কফোর্সের প্রতিবেদন অনুযায়ী, ওই সময়কালে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) ২ কোটি ৯০ লাখ গ্রাহকের মধ্যে ৩৪ হাজার ৬১১ জনের অতিরিক্ত বিল করা হয়েছে। ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) ৯ লাখ ২৬ হাজার ৬৮৯ জন গ্রাহকের মধ্যে ১৫ হাজার ২৬৬ জন, ঢাকা ইলেক্ট্রিক সাপ্লাই কোম্পানির (ডেসকো) ১০ লাখ গ্রাহকের মধ্যে ৫ হাজার ৬৫৭ জন, নর্দান ইলেক্ট্রিক সাপ্লাই কোম্পানির (নেসকো) ১৫ লাখ ৪৮ হাজার গ্রাহকের মধ্যে ২ হাজার ৫২৪ জন, ওয়েস্ট জোন পাওয়ার ডিক্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) ১২ লাখ ১৩ হাজার গ্রাহকের মধ্যে ৫৫৬ জন, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ৩২ লাখ ১৮ হাজার ৫১৫ জনের মধ্যে ২ হাজার ৫৮২ জন অতিরিক্ত বিলের শিকার হয়েছেন।

এ বিদ্যুৎ বিলের পেছনে ২৯০ জনকে চিহ্নিত করে টাস্কফোর্স। এদের মধ্যে কয়েক জনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বাকিদের বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে। কিন্তু চলতি মাসে পাওয়া জুনের বিলেও আগের বিল সমন্বয় করা হয়নি বলে অভিযোগ করেছেন কয়েকজন গ্রাহক। একই সঙ্গে বিদ্যুতের বিলও বেশি এসেছে বলে মনে করেন তারা। এ বিষয়ে ঢাকা ইলেক্ট্রিক সাপ্লাই কোম্পানির (ডেসকো) বিদায়ী ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব) শাহিদ সারওয়ার বলেন, মিটার রিডিং না নিলে বা নিতে ভুল করলে ভুতুড়ে বিল তৈরি হয়।

আর মিটার নষ্ট হয়ে গেলে এবং করোনার কারণে মানুষের বাসাবাড়িতে থাকার সময় বেড়ে যাওয়ায় আবাসিক খাতে বিদ্যুতের বিল বেড়ে যেতে পারে।

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী বিকাশ দেওয়ান বলেন, ডিপিডিসির অধীনে সব গ্রাহকের বিল ঠিক করেছি। যেগুলো দরকার সেগুলো সমন্বয় করা হয়েছে। এরপরও সাড়ে ১৩ লাখ গ্রাহকের মধ্যে কয়েকজনের বিল ভুল হতে পারে। তারা হটলাইনে বা স্থানীয় বিদ্যুৎ অফিসে গিয়ে সেটি ঠিক করে নিতে পারবেন।

আমাদের বাণী ডট কম/২৭ জুলাই ২০২০/পিপিএম

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।