যুবকের আত্মহত্যা
নিহত ভ্যান চালকের চার ছেলেমেয়ে ও স্ত্রী। ছবি; সংগৃহীত

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ জেলা সংবাদদাতা;  প্রাণঘাতী করোনার সংক্রমণ রোধে অফিস আদালত থেকে শুরু করে দেশে সব কিছুই বন্ধ। সরকারি ঘোষণা না হলেও কার্যতঁ দেশে লকডাউন চলছে। কাজের তাড়নায় কিংবা পেটের তাড়নায় হোক বাইরে বের হলেই পুলিশের কাছে জবাবদিহি করতে হচ্ছে জবাব সন্তুষ্ট না হলে জরিমানা অথবা পুলিশের প্রহারের শিকার হতে হচ্ছে।

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় অভাবের তাড়নায় কাজ করতে না পেরে অহিদুল ইসলাম (৩০) নামে এক ভ্যান চালক আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে।

গতকাল মঙ্গলবার (০৭ এপ্রিল ২০২০) রাতে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন। মৃত অহিদুল ইসলাম উপজেলার কাজীবেড় ইউনিয়নের ডালভাঙ্গা গ্রামের মৃত ইসমাইল মন্ডলের ছেলে। তিনি চার সন্তানের জনক।

এ বিষয়ে মৃতের স্ত্রী সুফিয়া খাতুন জানান, তার স্বামী একজন ভ্যান চালক। করোনাভাইরাসের কারণে এক সপ্তাহ ধরে তার আয়-রোজগার না থাকায় প্রচণ্ড অভাবে চার ছেলেমেয়ে নিয়ে খুব কষ্টে দিন যাচ্ছিল। গতকাল মঙ্গলবার বিকালে পাশের বাড়ি থেকে অল্প কিছু চাল ধার করে রান্নার পর ছেলেমেয়েদের খাওয়ান। কিন্তু তারা স্বামী-স্ত্রী না খেয়ে ছিলেন।

এখনও পর্যন্ত কোনো সহায়তা পাননি জানিয়ে ওই গৃহবধূর দাবি, অভাবের তাড়নায় রাতে সকলের অগোচরে ঘরের আড়ায় আমার স্বামী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

কাজীবেড় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান বিএম সেলিম রেজা জানান, লোকটি খুব অভাবি ছিল। তারা ভ্যান চালক হিসেবে সোমবার খাদ্য সহায়তার তালিকা করেছি কিন্তু এখনও দেয়া হয়নি।

কোটচাঁদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মইমেনুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে  জানান, ওই ব্যক্তি ঋণে জর্জরিত ও অভাবি ছিল। তার পেট ব্যথার অসুখ ছিল। এ সব কারণেই সে আত্মহত্যা করতে পারে বলে তিনি জানান।

চীনের হুবেই প্রদেশ থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে বিশ্বব্যাপী ৮২  হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। এতে আক্রান্ত হয়েছে সাড়ে ১৪ লাখ। বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয়েছে গত ৮ মার্চ। এরপর দিনে দিনে সংক্রমণ বেড়েছে। এদিকে বাংলাদেশে করোনা ভাইরাসের সংক্রমণ মহামারী আকারের দিকে যাওয়ায় আগামী ১৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে বাংলাদেশ সরকার। আজ বুধবার পর্যন্ত দেশে নতুন করে ৫৪ জন আক্রান্তের খবর পাওয়া গেছে মোট আক্রান্ত ২১৮ এবং নিহতের সংখ্যা ২০ জন।

আমাদের বাণী ডট কম/০৮ এপ্রিল ২০২০/পিপিএম 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।