প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেছেন,দাবি আদায়ে প্রাথমিক শিক্ষকরা যে আন্দোলন করেছেন তা সফল হয়েছে। শিক্ষকদের এ আন্দোলন প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছে।
বৃহস্পতিবার রাতে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের নেতাদের সাথে বৈঠকে একথা বলেন তিনি । রাত সাড়ে ৯টার দিকে মিন্ট রোডে মন্ত্রীর সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে শিক্ষক নেতারা এতথ্য জানান।
এর আগে বৃহস্পতিবার বিকাল ৫টায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের সাথে বৈঠক করেন শিক্ষক নেতারা।
প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠকে কি ধরণের আলোচনা হয়েছে জানতে চাইলে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের প্রধান মুখপাত্র মো. বদরুল আলম বলেন, প্রতিমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন ১৩ নভেম্বরের আগেই প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের সাক্ষাৎ করিয়ে দেবেন। তিনি বলেছেন, প্রাথমিক শিক্ষকদের আন্দোলন সফল হয়েছে। তাদের আন্দোলনের ফলে টিও এবং এটিওদের গ্রেড বাড়ছে। শিক্ষকদের দাবির বিষয়ে প্রধানমন্ত্রী ওয়াকিবহাল আছেন। সমাপনী পরীক্ষা সামনে রেখে কঠোর আন্দোলনে না যাওয়ারও অনুরোধ করেন প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।
২৩ অক্টোবর শহীদ মিনারে মহাসমাবেশ শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় প্রতিমন্ত্রী দুঃখ প্রকাশ করেছেন বলেও জানান এ শিক্ষক নেতা।
প্রধানমন্ত্রীর সঙ্গে সঙ্গে সাক্ষাৎ করিয়ে দেয়ার প্রতিশ্রুতির পরও ১৩ নভেম্বরের পর আন্দোলন অব্যাহত থাকবে কিনা এমন প্রশ্নের জবাবে ঐক্য পরিষদের প্রধান মুখপাত্র মো. বদরুল আলম বলেন, আমরা আন্দোলনে যেতে চাই না। সমাপনী পরীক্ষা সামনে রেখে আমরা আন্দোলনে বিরত থাকতে চিন্তা ভাবনা করছি। তবে প্রতিমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী ১৩ নভেম্বরের মধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের সাক্ষাৎ করিয়ে দিলে আন্দোলনের দরকার হবে না।
