কুমিল্লা সংবাদদাতা; জেলার নাঙ্গলকোটে করোনা উপসর্গ নিয়ে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বড় ভাইয়ের মৃত্যুর ১২ দিন পর ছোট ভাই আবদুস সাত্তার (৬০) গতকাল রবিবার (১৪ জুন ২০২০) মারা গেছেন।
- নিহ ওই দুই ভাইয়ের বাড়ি উপজেলার জোড্ডা পূর্ব ইউনিয়নের হানগড়া গ্রামে। বড় ভাইয়ের নমুনা সংগ্রহ করা না হলেও ছোট ভাইয়ের নমুনা সংগ্রহ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুসারে গতকাল দুপুরে দাফন করা হয়েছে।
জানা যায়, উপজেলার হানগড়া গ্রামের ক্বারী আবদুর রাজ্জাক (৬৫) গত ১ জুন করোনা উপসর্গ নিয়ে নিজ বাড়িতে মারা যান। উপজেলা প্রশাসনকে বিষয়টি না জানিয়ে স্বাভাবিক নিয়মেই তার মরদেহ দাফন করা হয়। বড় ভাই মৃত্যুর ১২ দিন পর রোববার ভোররাতে করোনা উপসর্গ নিয়ে ছোট ভাই আবদুস সাত্তার (৬০) নিজ বাড়িতে মারা যান।
- বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লামইয়া সাইফুলের নির্দেশক্রমে স্বাস্থ্যবিভাগের টিম মৃত ব্যক্তি ও তার পরিবারের ৮ সদস্যের নমুনা সংগ্রহ করে এবং মৃত ব্যক্তিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুসারে দাফন করা হয়।
নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লামইয়া সাইফুল জানান, খবর পেয়ে তাৎক্ষণিক টিম পাঠিয়ে ওই ব্যক্তিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুসারে দাফন করা হয়েছে।
এদিকে স্বাস্থ্য অধিদপ্তর এর করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (১৪ জুন ২০২০) তথ্য অনুযায়ী দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩২ জনের প্রাণ কেড়ে নিয়েছে মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯)। ফলে ভাইরাসটিতে মোট ১১৭১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ হাজার ১৪১ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৮৭ হাজার ৫২০জনে। গতকাল নমুনা পরীক্ষা করা হয়েছিল ১৬ হাজার ৬৩৮টি আর আজ পরীক্ষা করা হয়েছে ১৪৫০৫ টি। নমুনা পরীক্ষা কমলেও বেড়েছে শনাক্তের সংখ্যা ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯০৩ জন। ফলে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন মোট ১৮ হাজার ৩৩১ জন।
আমাদের বাণী ডট কম/১৫ জুন ২০২০/পিপিএম
