নিজস্ব সংবাদদাতা; আইসোলেশনে ইতালি প্রবাসী। আর এই ইতালি ফেরত প্রবাসীর সন্তানের সঙ্গে লেখাপড়া করা একই শ্রেণিকক্ষের ১৯ শিক্ষার্থীকে মাদারীপুর জেলার  শিবচর উপজেলায় হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। ওই ১৯ শিক্ষার্থীরাসহ শিবচরেই হোম কোয়ারেন্টাইনে রয়েছে ৭০ জন। ঢাকায় আইসোলেশনে পাঠানো হয়েছে ঐ ইতালি প্রবাসীর শাশুড়িকে। এর আগে ওই ইতালি প্রবাসী, স্ত্রী ও সন্তানকে ঢাকার আইসোলেশনে পাঠানো হয়। এছাড়া জেলা ব্যাপী হোম কোয়ারেন্টাইনে আছে মোট ১২৯ জন এবং ১৩৮ জনকে কোয়ারেন্টাইন থেকে মুক্ত করা হয়েছে।

করোনাভাইরাস আক্রান্ত দেশ থেকে আসা কুমিল্লার ১৭৪ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। তবে জেলার বিভিন্ন উপজেলায় এই ব্যবস্থায় থাকা এই প্রবাসীরা জেলা স্বাস্থ্য বিভাগের নিয়মনীতি মানছেন না বলে অভিযোগ উঠেছে। তারা রীতিমতো ঘরের বাইরে ঘোরাফেরা করছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। পরিবার ও আত্মীয়স্বজনের সঙ্গে মিশছেন। এতে অন্যরা ঝুঁকির মুখে পড়ছেন।

খুলনা বিভাগের নড়াইল জেলায় বিদেশফেরত ব্যক্তিদের সংখ্যা ক্রমেই বাড়ছে। তাদের বড় অংশ হোম কোয়ারেন্টাইনে না থেকে যত্রতত্র ঘুরে বেড়াচ্ছে। স্বাস্থ্য বিভাগ বলছে, একার পক্ষে সামাল দেওয়া সম্ভব নয়। দেশের আরও অনেক স্থানে এমন চিত্র বলে জানা গেছে।

এ ছাড়া হোম কোয়ারেন্টাইনে এর মধ্যে ঝালকাঠিতে ছয়, লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় এক, সাতক্ষীরায় ১৩, সিরাজগঞ্জে নয়, ঝিনাইদহের হরিণাকুণ্ড উপজেলায় দুই, হবিগঞ্জে দুই, নাটোরের বড়াইগ্রাম উপজেলায় দুই, বরিশালে ৯০, পঞ্চগড়ের বোদা উপজেলায় বিদেশফেরত নারীকে হাসপাতালে দেয় এলাকাবাসী, সিলেটে ২৯০, বগুড়ার আদমদীঘি উপজেলায় ১৫, চাঁদপুরে ১৬৭, মৌলভীবাজারে ১১৩ জন এবং বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে এক যুবককে।

এদিকে ঝালকাঠির রাজাপুর উপজেলায় ভাইরাস মোকাবিলায় ঢিমেতালে প্রস্তুতির অভিযোগ পাওয়া গেছে। পর্যাপ্ত উপকরণও নেই। মানিকগঞ্জের ঘিওর উপজেলায়  কোয়ারেন্টাইন না মানায় অস্ট্রেলিয়াফেরত ব্যক্তি ১৫ হাজার ও সাটুরিয়া উপজেলায় ইরাকফেরত যুবককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। বগুড়ায় ইতালি ফেরত যুবককে নিয়ে উত্তেজনা দেখা দিলেও স্বাস্থ্যকর্মীরা জানান, তিনি সুস্থ আছেন। সিরাজগঞ্জে কমিটি থাকলেও তদারকি নেই বলে অভিযোগ পাওয়া গেছে।

জানতে চাইলে সাতক্ষীরার ভোমরা ইমিগ্রেশন চেকপোস্টের ওসি বিশ্বজিত সরকার জানান, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রীদের আসা-যাওয়া বন্ধ করে দেওয়া হয়েছে।

এ ছাড়া বিভিন্ন স্থানে প্রচার অব্যাহত আছে। মঙ্গলবার কুষ্টিয়ার খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী জেরিন কান্তা প্রচারপত্র বিলি করেন। এছাড়াও দেশব্যাপী বিভিন্ন সামাজিক রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন আজ সকালে এবং গতকাল দিনব্যাপী প্রচারণা চালায়।

আমাদের বাণী ডট কম/১৮ মার্চ ২০২০/টিএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।