নিজস্ব সংবাদদাতা, মুন্সীগঞ্জ; জেলায় দিনে দিনে বেড়েই চলছে করোনা আক্রান্তের সংখ্যা। মানুষের অবাধে ঘোরাফেরা বন্ধ না হওয়ায় আক্রান্তের সংখ্যা কমানো যাচ্ছে না। আজ রবিবার (০৩ মে ২০২০) জেলা সিভিল সার্জন অফিসের ৭ জন পুরুষ স্টাফসহ নতুন করে আরও ৪৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬৪ জনে, যার মধ্যে মৃত্যুবরণ করেছে ৭ জন। পাশাপাশি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ জন করোনা রোগী।
আক্রান্তের তালিকায় মুন্সীগঞ্জ সিভিল সার্জন অফিসের হেড এসিসটেন্ট, ক্যাশিয়ার, ইপিআই সুপারেনটেনডেন্ট ও নাইটগার্ডসহ নতুন করে ৭ জন পুরুষ স্টাফের করোনা শনাক্ত হয়েছে।
সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ আজ রবিবার রাতে জানান, নতুন আক্রান্ত ৪৭ জনের মধ্যে মুন্সীগঞ্জ সদরে ১৯ জন, শ্রীনগরে ১২, সিরাজদিখানে ৭, গজারিয়া ৭ এবং টঙ্গিবাড়ীতে রয়েছে ২ জন।
সিভিল সার্জন অফিসের তথ্য অনুযায়ী জেলার বিভিন্ন উপজেলায় ১৬৪ জনের করোনা শনাক্ত হয়েছেন। যার মধ্যে ৪ জন সুস্থ হয়ে তাদের বাড়ি ফিরেছেন। মৃত্যুবরণ করেছেন ৭ জন রোগী।
মোট আক্রান্তদের মধ্যে মুন্সীগঞ্জ সদর উপজেলায় ৬৪ জন, টঙ্গীবাড়ি উপজেলায় ১৫ জন, সিরাজদিখান উপজেলায় ৩০ জন, লৌহজং উপজেলায় ১৩ জন, শ্রীনগর উপজেলায় ২৩ জন এরং গজারিয়া উপজেলায় ১৯ জন হয়েছেন।
স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ তথ্য অনুযায়ী, রোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচ হাজার ২১৪টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে আগের কিছু মিলিয়ে পরীক্ষা করা হয়েছে পাঁচ হাজার ৩৬৮টি। সব মিলিয়ে নমুনা পরীক্ষা করা হয়েছে ৮১ হাজার ৪৩৪টি। নতুন যাদের নমুনা পরীক্ষা হয়েছে, তাদের মধ্যে আরও ৬৬৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ফলে মোট করোনায় আক্রান্ত হয়েছেন নয় হাজার ৪৫৫ জন। আক্রান্ত রোগীদের মধ্যে মারা গেছেন আরও দুজন। ফলে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৭৭ জনে। আর এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১০৬৩।
