নিজস্ব সংবাদদাতা, ঢাকা; বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এর চেয়ারম্যান আশফাক হুসেনের অবসরজনিত কারণে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের কর্মকর্তা অতিরিক্ত সচিব ড. অরুণা বিশ্বাসকে এনটিআরসিএর চেয়াম্যান হিসেবে যোগদানের জন্য গত (২৯ জানুয়ারি) আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
কিন্তু আজ সোমবার (২ মার্চ ২০২০) পর্যন্ত ড. অরুণা বিশ্বাস এনটিআরসি’তে যোগ দেননি।
জানতে চাইলে এ বিষয়ে ড. অরুণা বিশ্বাস জানান, মন্ত্রণালয়ে কাজের চাপ থাকায় এবং ব্যক্তিগত কিছু কারণে তিনি এখনও এনটিআরসিএতে যোগদানের সিদ্ধান্ত নিতে পারেননি।
দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে চলমান শিক্ষক সংকট এবং শূন্যপদের চাহিদা নেয়ার পরও এনটিআরসিএতে তিনি যোগদান না করায় গণবিজ্ঞপ্তি দিতে দেরী হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, শুধু গণবিজ্ঞপ্তি নয় এনটিআরসিএর সব ধরণের কার্যাবলী পরিচালনার ক্ষমতা এনটিআরসিএর ভারপ্রাপ্ত চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মু: আ: আউয়াল হাওলাদার আছেন। উনি চাইলে যে কোনো সময় গণবিজ্ঞপ্তি জারি করতে পারবেন।
উল্লেখ্য, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের অধীন একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের কাজ হল দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহে যোগ্য শিক্ষক নিয়োগ নিশ্চিত করা। এনটিআরসিএ ২০০৫ সালের বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ আইনের (১৫ ফেব্রুয়ারি প্রকাশিত ২০০৫ সালের ১নং আইন) দ্বারা প্রতিষ্ঠিত হয়।
আমাদের বাণী ডট কম/০২ মার্চ ২০২০/সিসি
