রাজশাহী জেলা সংবাদদাতা;  জেলায়  করোনাভাইরাসে আক্রান্ত হয়ে লুৎফর রহমান (৫২) নামে এক মাদরাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (০৯ জুন ২০২০) সকাল সাড়ে ৮টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃতু হয়।

  • লুৎফর রহমান রাজশাহীর মোহনপুর উপজেলার বাকশিমইল গ্রামের বাসিন্দা। তিনি উপজেলার মহিষকুণ্ডি মাদরাসার শিক্ষক ছিলেন। তার স্ত্রী গুলনাহার বেগম মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী।

হাসপাতাল সূত্রে জানা যায়, করোনার উপসর্গ নিয়ে গতকাল সোমবার (৮ জুন) সকালে তাকে রামেক হাসপাতালে আনা হয়। এরপর থেকে হাসপাতালের ২৯ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন তিনি। রাতে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে।

  • রামেক হাসপাতালের উপপরিচালক ড. সাইফুল ফেরদৌস জানান, গত শনিবার (৬ জুন) বাড়ি থেকেই তার নমুনা সংগ্রহ করা হয়েছিল। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সোমবার তাকে রামেক হাসপাতালে আনা হয়। স্বাস্থ্যবিধি মেনে তার মরদেহ দাফনের জন্য পরিবারকে পরামর্শ দেয়া হয়েছে।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তর এর করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (০৮  জুন ২০২০) তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আরও ৪২ জনের প্রাণ কেড়ে নিয়েছে মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯)। ফলে ভাইরাসটিতে মোট ৯৩০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন দুই হাজার ৭৩৫ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬৮ হাজার ৫০৪ জনে। নতুন করে সুস্থ্য হয়েছে ৬৫৭ জন এবং মোট সুস্থ হয়েছেন ১৪৫৬০ জন। ডা. নাসিমা সুলতানা বলেন, ‘আমরা গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করেছি ১৩ হাজার ৯৬১টি। নমুনা পরীক্ষা করেছি ১২ হাজার ৯৪৪টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৪ লাখ ১০ হাজার ৯৩১টি। ২৪ ঘণ্টায় এই সংগৃহীত নমুনা থেকে শনাক্ত রোগী পেয়েছি ২ হাজার ৭৩৫ জন। এ পর্যন্ত করোনাভাইরাসে শনাক্ত হয়েছে ৬৮ হাজার ৪০৪ জন। শনাক্তের হার ২১ দশমিক ১৩ শতাংশ।’ ‘২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৬৫৭ জন। মোট সুস্থ হয়েছে ১৪ হাজার ৫০৭ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২১ দশমিক ২৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছে ৪২ জন। এ পর্যন্ত মৃত্যু দাঁড়ালো ৯৩০ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৩৬ শতাংশ।’

আমাদের বাণী ডট কম/০৯ জুন ২০২০/সিসিপি

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।