নিজস্ব সংবাদদাতা, পাবনা;  করোনাভাইরাসের কারণে ট্রেন চলাচল বন্ধ থাকলেও ঈশ্বরদীতে বন্ধ হয়নি রেলের তেল চুরি। ৬৪৪ লিটার (৪ ড্রাম) তেল বিক্রি করার সময় রেলওয়ের ওয়েম্যান ও রেল শ্রমিক লীগ ঈশ্বরদী শাখার সাংগঠনিক সম্পাদক রোকন উদ্দিনকে (৩২) আটক করেছেন রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) কর্মকর্তারা।

গতকাল শনিবার (১৬ মে ২০২০)  দুপুরে ঈশ্বরদী শহরের স্টেশন রোডের ফকিরের বটতলায় একটি দোকানে তেল বিক্রির সময় তাকে আটক করা হয়।

রেলওয়ে নিরাপত্তা বাহিনীর গোয়েন্দা শাখার এএসআই সিদ্দিকুর রহমান জানান, ডিইএন-২ অফিসের গ্যাং কার চালানোর জন্য ঈশ্বরদী লেকোসেড থেকে ৪ ড্রাম ডিজেল উত্তোলন করা হয়। কিন্তু সেই তেল অফিসে না নিয়ে ওয়েম্যান রোকন উদ্দিন রাস্তার পাশের একটি দোকানে বিক্রি করার সময় হাতেনাতে আটক করা হয়।

তিনি বলেন, সে সময় তিনি ক্ষমতার দম্ভোক্তি দেখিয়ে আামাকে মারধর ও গলাটিপে শ্বাসরোধ করার চেষ্টা করে। এ নিয়ে তেলের দোকানেই তার সঙ্গে মারামারি ও ধস্তাধস্তি হয়। খবর পেয়ে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা সেখানে উপস্থিত হয়ে রোকনকে আটক করে ৬৪৪ লিটার তেল উদ্ধার করে।

পাকশী বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) আসাদুল হক জানান, এ ঘটনায় ট্রাফিক অফিসার আব্দুস সোবাহানকে প্রধান করে ৪ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

আমাদের বাণী ডট কম/১৭ মে ২০২০/ডিএ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।