সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস রোধে চার পদক্ষেপ নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষা থেকে এসব পদক্ষেপ কার্যকর করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বুধবার বিষয়টি নিশ্চিত করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আকরাম আল হোসেন বলেন, প্রথম ধাপের লিখিত পরীক্ষার দিন সাতক্ষীরায় অনাকাঙ্ক্ষিতভাবে প্রশ্নফাঁসের ঘটনা ঘটে। এ কারণে পরবর্তী ধাপের পরীক্ষা আয়োজনে আমরা আরও কঠোর অবস্থান অবলম্বন করছি। নতুন করে চারটি পদক্ষেপ বাস্তবায়ন করা হবে।

নতুন চার পদক্ষেপের মধ্যে রয়েছে- শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস ঠেকাতে একই জেলার প্রশ্ন প্রণয়ন ও প্রিন্টিং কাজের জন্য কাউকে দায়িত্ব দেয়া হবে না। অন্য জেলায় কর্মরতদের দিয়ে এসব কাজ করা হবে। আগের মতো আর অভিন্ন প্রশ্ন সেট দিয়ে দ্বিতীয় ধাপে (২৬ জেলা) পরীক্ষা নেয়া হবে না। দুই বা তিনটি জেলায় একটি অভিন্ন প্রশ্নে পরীক্ষা নেয়া হবে। উল্লেখ্য, প্রথম ধাপে ২৬টি জেলায় অভিন্ন নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

জানা গেছে, দ্বিতীয় ধাপের পরীক্ষায় কোনো পরীক্ষার্থীকে কান ঢেকে কেন্দ্রে প্রবেশ করতে দেয়া হবে না। যদি কেউ পরীক্ষা কেন্দ্রেও কান ঢেকে রাখেন তবে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়েছে। নিয়োগ পরীক্ষার দিন ২৬ জেলার সব কেন্দ্রের ভেতরে-বাইরে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে র‌্যাব, এনএসআইসহ অন্যান্য গোয়েন্দা সংস্থার প্রধানদের চিঠি দিয়ে নিরাপত্তা বাড়াতে অনুরোধ করা হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।