ডেস্ক রিপোর্ট, ঢাকাঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিশেষজ্ঞদের মতে আসন্ন শীতে বাংলাদেশে করোনার দ্বিতীয় তরঙ্গ দেখা দিতে পারে। তাই এখন থেকেই সাবধানতা অবলম্বন করে চলতে হবে। বাধ্যতামূলকভাবে মাস্ক পরিধান করতে হবে।
আজ শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইডিইবি) প্রতিনিধি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে কাদের এ কথা বলেন।
ওবায়দুল কাদের তাঁর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ অনুষ্ঠানে যুক্ত হন।
তিনি আওয়ামী লীগের শিকড় মাটির অনেক গভীরে উল্লেখ করে বলেন, মাটি ও মানুষের দল হিসেবে জনমানুষের বুকের গভীরে শেখ হাসিনা ও আওয়ামী লীগ ঠাঁই করে নিয়েছে। আওয়ামী লীগের শক্তির উৎস দেশের জনগণ, বন্দুকের নল নয়।
তিনি আরও বলেন, দেশের প্রতিটি দুর্যোগ ও সংকটে ৭০ বছর ধরে জনগণের পাশে থেকেছে আওয়ামী লীগ। তাই যাঁরা মনে করেন আওয়ামী লীগের অবস্থান তাসের ঘরের মতো, তাঁরা বোকার স্বর্গে বাস করছেন।
ওবায়দুল কাদের প্রকৌশলীদের উদ্দেশে বলেন, ২০৪১ সালের মধ্যে সমৃদ্ধ বাংলাদেশের লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে সরকারের মহাপরিকল্পনা বাস্তবায়নে প্রকৌশলীদের শক্তিশালী ভূমিকা রাখতে হবে।
আমাদের বাণী ডট কম/১২ সেপ্টেম্বর ২০২০/পিপিএম
