নিজস্ব সংবাদদাতা, ঢাকা; রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ইংলিশ ভার্সনের শিক্ষিকা তাজিম বিনতে রহমান (৪০) মারা গেছেন।

  • আজ বুধবার (০৩ জুন ২০২০) বিকেলে রাজধানীর ধানমন্ডির আয়শা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি শ্বাসকষ্টে ভুগছিলেন। আজ এশার পর তার মরদেহ শাহাজাহানপুর কবরস্থানে দাফন করা হয়েছে।

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ অধ্যাপক ফওজিয়া বলেন, ভিকারুননিসার বেইলি রোডের প্রধান শাখার ইংলিশ ভার্সনের শিক্ষিকা ছিলেন তাজিম রহমান। দীর্ঘদিন ধরে তিনি এ প্রতিষ্ঠানে শিক্ষকতা করে আসছিলেন।

  • তিনি বলেন, গত ২৫ মে একটি কন্যাসন্তানের জন্ম দেন তাজিম রহমান। সেদিন শ্বাস-প্রশ্বাসের সমস্যা হওয়ায় তাকে রাজধানীর বেশ কয়েকটি নামিদামি হাসপাতালে নেয়া হলেও ভর্তি নেয়নি। এরপর এ দিন বিকেলে ধানমন্ডির আয়শা মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়। রাতে অপারেশনের মাধ্যমে তার কন্যাসন্তান জন্ম নেয়।

অধ্যাপক ফওজিয়া বলেন, সন্তান প্রসবের পর কয়েকদিন ভালো ছিলেন তাজিম রহমান। তিনি আয়শা মেমোরিয়াল হাসপাতালে ভর্তি ছিলেন। গতকাল মঙ্গলবার রাতে তার শ্বাসকষ্ট শুরু হলে ভেন্টিলেটরের মাধ্যমে তাকে শ্বাস নেয়ার ব্যবস্থা করা হয়। পরে বুধবার বিকেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার কোভিড-১৯ টেস্ট করা হলে ফলাফল নেগেটিভ আসে।

  • তাজিম রহমানের পরিবারের স্বজনরা জানান, তার মরদেহ বুধবার রাতে রাজধানীর শাহজাহানপুর কবরস্থানে বাদ এশা দাফন করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর এর করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (০৩ জুন ২০২০) তথ্য অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৭ জনের প্রাণ কেড়ে নিয়েছে মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯)। ফলে ভাইরাসটিতে মোট ৭৪৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন দুই হাজার ৬৯৫জন। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫৫ হাজার ১৪০জনে। ৫০টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৫ হাজার ১০৩টি এবং পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৫১০টি। আক্রান্তের হার ২১.৫৪ শতাংশ।২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪৭০ জন এবং এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১১ হাজার ৫৯০ জন। সুস্থতার হার ২১.০২ শতাংশ এবং মৃত্যুর হার ১.৩৫ শতাংশমারা যাওয়া ব্যক্তিদের সম্পর্কে জানানো হয়, পুরুষ ২৮ জন ও নারী ৯ জন। এদের মধ্যে ঢাকা বিভাগের ১৯ জন, চট্টগ্রাম বিভাগের ১৩ জন, সিলেট বিভাগের একজন, রংপুর বিভাগের একজন ও খুলনা বিভাগের একজন।

আমাদের বাণী ডট কম/০৩ জুন ২০২০/সিসিপি

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।