নীলফামারীর সৈয়দপুর ফাইলেরিয়া হাসপাতালের কার্যক্রম পুণরায় চালু করার দাবি জানিয়েছে বাংলাদেশ প্যারামেডিকেল ডাক্তার এসোসিয়েশন। রোববার সৈয়দপুর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবী জানানো হয়।
সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব ডা. মো. রাকিবুল ইসলাম তুহিন লিখিত বক্তব্য বলেন, ২০০২ সালে ইন্সষ্টিটিউট অব অ্যালার্জি এন্ড ক্লিনিক্যাল ইমলোজি অব বাংলাদেশ (এসিআইবি) এর উদ্যোগে বিশ্বে প্রথম ফাইলেরিয়া হাসপাতালটি প্রতিষ্ঠা করা হয় সৈয়দপুরে। দাতা সংস্থার অর্থায়নে এসিআইবি’র চেয়ারম্যান ডা. মোয়াজ্জেম হোসেনের এটি গড়ে তোলেন। স্থানীয় সমাজসেবী কবির উদ্দিন সরদার প্রতিষ্ঠানটির জন্য ১৫ শতক জমি দান করেন। পরবর্তীতে হাসপাতাল পরিচালনায় জটিলতা সৃষ্টি হলে ২০১২ সালে হাসপাতালে ফাইলেরিয়া চিকিৎসা কার্যক্রম বন্ধ হয়ে যায়। ফলে দাতা সংস্থাও বন্ধ করে দেয় অনুদান। এ সময় স্থানীয় সুধীজনদের সিদ্ধান্তে হাসপাতাল পরিচালনায় দায়িত্ব দেয়া হয় জমি দাতার জামাতা সুরত আলীকে।
সংবাদ সম্মেলনে আরও বলা হয় হাসপাতাল পরিচালনায় এসিআইবি বাংলাদেশ প্যারামেডিকেল ডাক্তার এসোসিয়েশনকে (বিপিডিএ) দায়িত্ব দেয়। সংগঠনটি হাসপাতালের কার্যক্রম ফের চালু করতে সরকারের সাথে কাজ করছে বলে জানান তিনি।
এ ব্যাপারে হাসপাতালটির বর্তমান তত্ত্বাবধায়ক সুরত আলী জানান, এ অঞ্চলের ফাইলেরিয়া নির্মূলে এ হাসপাতাল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় বর্তমান অবস্থায় এটি টিকিয়ে রাখতে স্থানীয় সুধীজন আমাকে দায়িত্ব দেয়। আধুনিক অবকাঠামো রয়েছে। সরকার চাইলে এটি চালু করতে পদক্ষেপ নিতে পারে। সংবাদ সম্মেলনে সংগঠনের ঢাকা বিভাগীয় সমন্বয়কারী ডা. মমিনুর রহমান মিলন উপস্থিত ছিলেন।
