সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে বাংলাদেশের বিভিন্ন স্থানে আজ উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। সৌদি আরবের সঙ্গে মিল রেখে এসব গ্রামে ঈদ উদযাপনের এই রেওয়াজ চলে আসছে বহুদিন থেকে।

চাঁদপুর: জেলার ৪০ গ্রামে শুক্রবার উদযাপিত হচ্ছে ঈদুল আজহা। করোনাভাইরাসের কারণে ঈদগাহে ঈদের জামায়াত অনুষ্ঠিত না হলেও স্থানীয় প্রতিটি মজিদেই হয়েছে ঈদ জামায়াত। স্বাস্থ্যবিধি মেনে ঈদের জামায়াত করার কথা থাকলেও অনেক মসজিদেই যথাযথভাবে মানা হয়নি সামাজিক দূরত্ব।

শুক্রবার হাজীগঞ্জের সাদ্রা দরবার শরীফ সংলগ্ন বায়তুল মামুর জামে মসজিদে সকাল পৌনে ৮ টায় ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়।

পটুয়াখালী: জেলার ২৮ গ্রামের ২৫ হাজার মানুষ শুক্রবার ঈদুল আজহা উদযাপন করছেন। সদর উপজেলার বদরপুর ও ছোট বিঘাই, গলাচিপা উপজেলার সেনের হাওলা, পশুরিবুনিয়া, নিজ হাওলা ও কানকুনি পাড়া, বাউফল উপজেলার মদনপুরা, শাপলাখালী, রাজনগর, বগা, ধাউরাভাঙ্গা, সুরদী, চন্দ্রপাড়া, দ্বি-পাশা, কনকদিয়া সাবুপুরা, বামনিকাঠী, বানাজোড়া ও আমিরাবাদ এবং কলাপাড়া উপজেলার দক্ষিণ দেবপুর, পাটুয়া, মরিচবুনিয়া, নাইয়া পট্টি, নিশানবাড়িয়া, শাফাখালী, তেগাছিয়া, ছোনখোলা ও বাদুরতলী গ্রামের মানুষরা আগাম ঈদুল আজহা উদযাপন করছেন।

এসব গ্রামের মধ্যে ঈদের প্রধান নামাজ অনুষ্ঠিত হয়েছে বদরপুর দরবার শরীফের মসজিদে। সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠেয় নামাজে ইমামতি করেন মসজিদের খতিব মাওলানা মো. শফিকুল ইসলাম আবদুল গনি।

হরিণাকুণ্ডু (ঝিনাইদহ): ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে ১০টি গ্রামের অর্ধশত পরিবার ঈদুল আযহা উদযাপন করছেন আজ।

শুক্রবার সকাল ৮টায় এসব পরিবারের সদস্যরা শহরতলির চটকাবাড়ীয়া ঈদগা পাড়া জামে মসজিদ ও পায়রাডাঙ্গা গ্রামের পূর্বপাড়া জামে মসজিদে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেন। উপজেলার হরিণাকুণ্ডু, বৈঠাপাড়া, কুলবাড়িয়া, রামনগর, দখলপুর, পায়রাডাঙ্গা, চটকাবাড়ীয়াসহ ১০ গ্রামের অর্ধশত মুসল্লী মাওলানা সিরাজুল ইসলাম ও ইমদাদ হোসেনের ইমামতিতে ঈদ জামাতে অংশ নেন।

লক্ষ্মীপুর: সামাজিক দূরত্ব মেনে সৌদি আরবের সঙ্গে মিল রেখে লক্ষ্মীপুরের ১১টি গ্রামে শুক্রবার ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও, জয়পুরা, বিঘা, বারো ঘরিয়া, হোটাটিয়া, শরশোই, কাঞ্চনপুর ও রায়পুর উপজেলার কলাকোপা ও সদর উপজেলার বশিকপুরসহ ১১টি গ্রামের প্রায় এক হাজার মুসল্লী আজ ঈদুল ফিতর উদযাপন করছেন।

সকাল ৭টায় রামগঞ্জ উপজেলার খানকায়ে মাদানিয়া কাসেমিয়া মাদ্রাসায় ও নোয়াগাঁও বাজারের দক্ষিণ-পূর্ব নোয়াগাঁও ঈদগাহ ময়দানে ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হয়। এসব গ্রামের মুসল্লীরা ৪০ বছর ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করে আসছেন।

 

আমাদের বাণী ডট কম/৩১ জুলাই ২০২০/পিপিএম

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।