ডেস্ক রিপোর্ট, ঢাকা;   স্বাস্থ্য মন্ত্রণালয়ে চক্রান্তকারীদের প্রবেশ ঘটেছে বলে অভিযোগ করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

তিনি বলেন, আজ যেভাবে আমাদের দেশে করোনা রোগের বিস্তার হচ্ছে, তার সঙ্গে আন্তর্জাতিক চক্রান্তটাও মনে রাখতে হবে। আমরা সবাই সম্প্রতি লক্ষ করেছি, চীন একটা ভ্যাকসিন ট্রায়াল চায় বাংলাদেশে, অনুমতি পেয়েছে। বাংলাদেশে যেকোনো গবেষণা করার অনুমতি দেয়ার মালিক হচ্ছে বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল (বিএমআরসি)। তাদের অনুমতিক্রমে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশে (আইসিডিডিআরবি) এই গবেষণা শুরু করার কথা। এখানেই চক্রান্তটা। এই চক্রান্ত নিয়ে আমাদের গবেষণার প্রয়োজন।

আজ শনিবার (২৫ জুলাই ২০২০)   ‘জনস্বাস্থ্য কনভেনশন ২০২০’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

জাফরুল্লাহ চৌধুরী বলেন, চীন উদ্ভাবিত করোনা ভ্যাকসিনের (টিকা) ট্রায়াল বাংলাদেশে করার অনুমোদন দিয়েছে বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল (বিএমআরসি)।

তবে হঠাৎ স্বাস্থ্য মন্ত্রণালয় সেটা বন্ধ করে দিচ্ছে। তিনি বলেন আরো বলেন, আজ পুঁজিবাদ চাইছে তৃতীয় বিশ্বকে এমনভাবে নিয়ন্ত্রণ করতে, যাতে আমাদের অধিকারটা কাগজে-কলমে থাকে। আমরা নিজেদের বিষয় নিজেরা নিয়ন্ত্রণ করি না। একটা ভ্যাকসিন রিসার্চ হবে, তাতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এত মাথাব্যথা কেন? স্বাস্থ্য মন্ত্রণালয়ে ভূতের প্রবেশ ঘটেছে। চক্রান্তকারীদের প্রবেশ ঘটেছে। ঠিক যেভাবে দীর্ঘদিন আন্তর্জাতিক ওষুধ কোম্পানিসহ পুঁজিবাদীর ধারকরা তৃতীয় বিশ্বের কণ্ঠস্বর বন্ধ করে রেখেছেন।’

ডা. জাফরুল্লাহ বলেন, আইসিডিডিআরবির এই ধরনের গবেষণা নতুন না। তারা ইউরোপের কোম্পানির পক্ষে অতীতে ভ্যাকসিন গবেষণা করেছে, তখন তো আপত্তি উঠে নাই। আজ (চীনের ক্ষেত্রে) আপত্তি কেন? কারণ এখানে ট্রিলিয়ন ডলারের ব্যবসা আছে, জনগণের স্বাস্থ্যের ব্যাপার আছে। আজ এটি যদি সফল হয়, ভ্যাকসিনে সফল হয়, তাহলে আমাদের এখানে বিরাট অর্থ সাশ্রয় হবে। ভ্যাকসিন গবেষণা সময়সাপেক্ষ উল্লেখ করে জাফরুল্লাহ চৌধুরী বলেন, ভ্যাকসিন গবেষণা অনেক সময়সাপেক্ষ। অর্থ ব্যয় করতে হয়। কিন্তু গবেষণার সুফলের উৎপাদন মূল্য খুবই কম। আজ আমাদের উচিত হবে, চীনের এই গবেষণায় সক্রিয়ভাবে অংশ নেয়া। এতে যদি আমরা সফল হই, চীনের সাথে একটা চুক্তি থাকতে পারে। এর সফলতার ৫০ শতাংশের মালিক হবে বাংলাদেশ। জনগণের স্বার্থ রক্ষিত হবে।

আমাদের বাণী ডট কম/২৫ জুলাই ২০২০/পিপিএম

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।