ময়মনসিংহ সংবাদদাতা; জেলার হালুয়াঘাটে একটি গরু বিদ্যুতের তারে জড়িয়ে পড়লে গরুটি বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু হয়েছে।
আজ সোমবার (২৯ জুন ২০২০) সকালে উপজেলার স্বদেশী ইউনিয়নের স্বদেশী গ্রামের নাগলা ফিসারিজে এ ঘটনা ঘটে। নিহত হাবিবুর রহমান (৪০) ওই গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে।
- হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহামুদুল হাসান জানান, সোমবার সকালে নাগলা ফিসারিজে একটি গরু বিদ্যুতের তারে জড়িয়ে পড়লে গরুটি বাঁচানোর জন্য হাবিবুর রহমান বিদ্যুতের তারে হাত দিয়ে তারটি সড়ানোর চেষ্টা করেন। এতে সে বিদ্যুতায়িত হয়। পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরির্দশন করে। নিহতের পরিবারের পক্ষ থেকে বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তরের আবেদন পাওয়ার পর পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে।
আমাদের বাণী ডট কম/২৯ জুন ২০২০/পিপিএম
