নিজস্ব সংবাদদাতা, ঢাকা;  আগামীকাল ১৭ মার্চ মঙ্গলবার শিক্ষাপ্রতিষ্ঠানে আগেই মুজিব বর্ষের কর্মসূচি স্থগিত করা হয়েছে। শুধু গাছ লাগানোর বিষয় আছে। প্রধান শিক্ষক বা অন্য শিক্ষকেরা জমায়েত ছাড়া গাছ রোপণ কর্মসূচি নিশ্চিত করবেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

আজ সোমবার (১৬ মার্চ ২০২০) সচিবালয়ে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান, করোনাভাইরাস নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আজ সোমবারের পর থেকে ৩১ মার্চ পর্যন্ত দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। এমনকি এ সময় কোচিং সেন্টারও অবশ্যই বন্ধ থাকবে। ছুটির এই সময় শিক্ষার্থীদের বাসায় থাকতে হবে। আজ সোমবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এ কথা জানান।

শিক্ষামন্ত্রী দীপু মনি জানিয়েছেন, সামনে রমজান এবং গরমকালের ছুটি আছে। প্রয়োজন হলে সেই ছুটির সঙ্গে এখনকার ছুটি সমন্বয় করা হবে। ১ এপ্রিল থেকে অনুষ্ঠেয় এইচএসসি ও সমমানের পরীক্ষার বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, এখনো সময় আছে। কাছাকাছি সময়ে গিয়ে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

আজ সোমবার (১৬ মার্চ ২০২০) দুপুরে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো: জাকির হোসেন মন্ত্রণালয় এক সংবাদ সম্মেলনেজানিয়েছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহামন এর জন্মশতবার্ষিকী নিয়ে প্রধানমন্ত্রীর চিঠি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়ানোর সিদ্ধান্ত স্থগিত করেছে সরকার। আগামীকাল ১৭ মার্চ (২০২০) থেকে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তাই, চিঠি পড়ার কার্যক্রমটি আগামীকাল ১৭ মার্চ হবে না। জানা গেছে চিঠিটি গতকাল রবিবার (১৫ মার্চ ২০২০) সব শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

আমাদের বাণী ডট কম/১৬ মার্চ ২০২০/টিএ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।